সাভারে স্থানান্তর হলে ট্যানারি থেকে রপ্তানি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারে স্থাপিত চামড়াশিল্প নগরে স্থানান্তর করা গেলে বছরে ১০ হাজার কোটি টাকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে। বর্তমানে এই খাত থেকে বছরে ছয় হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হচ্ছে।গতকাল শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘ট্যানারি বর্জ্য ব্যবস্থাপনায় অ্যানিমেটেড ভিজ্যুয়াল ট্রেনিংপ্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা ইউনিডো, ডিসিসিআই এবং বিএফএলএলএফটিইএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের রপ্তানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হলে ট্যানারিগুলোতে পরিবেশবান্ধব পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। এর অন্যতম শর্ত হিসেবে সাভার চামড়া শিল্প নগরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করে দ্রুত ট্যানারি স্থানান্তরের সুযোগ করে দিতে হবে। শিগগিরই দরপত্র প্রক্রিয়া শেষ করে সাভারে সিইটিপি স্থাপনের কাজ শুরু করা হবে। কর্মশালায় বক্তারা বলেন, পরিবেশবান্ধব চামড়া শিল্পের জন্য ট্যানারি শিল্প থেকে নির্গত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী গুণগতমানের চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধি করা সম্ভব হবে। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দিল আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিডোর শিল্প উন্নয়নবিষয়ক কর্মকর্তা ইভান কার্ল। আলোচনায় অংশ নেন বুয়েটের সহউপাচার্য এম হাবিবুর রহমান, ডিসিসিআইয়ের পরিচালক আবু হুরায়রা, ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ, বাংলাদেশ ফুটওয়্যার লেদার অ্যান্ড লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বেলাল হোসেন, ইউরোপীয় ইউনিয়ন, সুইস এশিয়া রি-টাই বাংলাদেশ প্রকল্পের স্থানীয় সমন্বয়ক শাহরিয়ার শামস প্রমুখ।