সাভারের মার্কেট দখলই ছিল বিরোধের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের মার্কেটের দখল নিয়ে জাতীয় অন্ধ সংস্থার দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের ফলে সাংগঠনিক-সচিব ইদ্রিস নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে এমন দাবি করছে পুলিশ। তবে প্রতিপক্ষ না নিজ দলের হাতে তিনি খুন হয়েছেন, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়। গত বুধবার দুপুরে বকশীবাজারে সংস্থার প্রধান কার্যালয়ে ইদ্রিস আলী বেপারীকে (৪৩) গলা কেটে হত্যা করা হয়। মার্কেট দখল ও সাংগঠনিক পদ নিয়ে এই দ্বন্দ্বেই গত জানুয়ারি মাসে খুন হন মহাসচিব খলিলুর রহমান। খলিল হত্যা মামলার আসামি ছিলেন নিহত ইদ্রিস। এদিকে ইদ্রিস হত্যার ঘটনায় সংস্থার সাবেক চেয়ারম্যানসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন নিহতের মেয়ে। পুলিশ জানিয়েছে, সাভার বাসস্ট্যান্ডসংলগ্ন ১৬৪ শতক জমির ওপর অন্ধ সংস্থার একটি মার্কেট রয়েছে। এই মার্কেটে প্রায় এক হাজার ২০০ দোকান রয়েছে। এসব দোকানের ভাড়া বাবদ মাসে কয়েক লাখ টাকা আয় হয়। এ নিয়েই অন্ধ সংস্থায় দুই দল। বর্তমান চেয়ারম্যান মিনহাজউদ্দীন ও মহাসচিব আইয়ুব আলীর সমর্থক ছিলেন ইদ্রিস। আর তাঁদের প্রতিপক্ষ হলেন সাবেক নির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন ও নিহত খলিলুর রহমানের সমর্থকেরা।চকবাজার থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মেয়ে বিলকিছ বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন: সাবেক চেয়ারম্যান কামাল হোসেন (৫০), ওমর ফারুক দাদন (৪৫), আবু বকর সিদ্দিক (৫০), জাহিদুল ইসলাম রিপন (২৫), শুক্কুর আলী (৩০) ও কামরুল ইসলাম বাবু (২৫)। মামলায় বলা হয়েছে, সাংগঠনিক বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।নিহতের স্ত্রী পারভীন বেগমের দাবি, খলিল হত্যার প্রতিশোধ নিতে ইদ্রিসকে হত্যা করেছে প্রতিপক্ষ। ইদ্রিস অন্ধ সংস্থার রাজনীতিতে অনেক প্রভাবশালী ছিলেন। তাঁর কারণেই বকশীবাজারের অফিসটি তাঁরা দখলে রাখতে পেরেছিলেন। অন্ধ সংস্থার বর্তমান মহাসচিব আইয়ুব আলীও একই দাবি করেন। তবে সাবেক মহাসচিব খলিল হত্যা মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইদ্রিস অন্ধ সংস্থার রাজনীতিতে কেউকেটা গোছের কেউ নন। তিনি বকশীবাজারে অফিসের দখল ধরে রেখেছিলেন এ কথাও সত্য নয়। আর অন্ধ সংস্থায় ইদ্রিসের দলের নেতা মিনহাজ-আইয়ুবসহ আটজন খলিল হত্যা মামলার আসামি। তাই ভারসাম্য রাখতে নিজ দলের হাতেও তিনি খুন হয়ে থাকতে পারেন।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, পুলিশ কাজ করছে। খুনের সময় যাঁরা ঘটনাস্থলে ছিলেন, তাঁদের সবার মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁদের ওপরও কড়া নজরদারি চলছে।