উত্ত্যক্ত করার ঘটনা মেয়েদের মনে যে চাপ সৃষ্টি করে, তা তাদের আত্মহত্যায় প্ররোচিত করে। লজ্জা ঝেড়ে ফেলে এসব ঘটনা অবশ্যই আপনজনদের জানানো উচিত। ‘বখাটেদের প্রতিহত করুন, ইভ টিজিংকে না বলুন’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, উত্ত্যক্ত করা কোনো পুলিশি সমস্যা নয়, যা আইন করে প্রতিরোধ সম্ভব। পারিবারিক, ধর্মীয় ও সামাজিক অনুশাসন শিথিল হয়ে পড়ায় এ ধরনের অপরাধ দিন দিন বাড়ছে। অনুশাসনের বন্ধনটা সুদৃঢ় হলেই এ সমস্যাসহ সব ধরনের সামাজিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, বখাটেদের উপদ্রবে কখনোই ভেঙে পড়া ঠিক নয়। মেয়েদের মানসিকভাবে দৃঢ় হতে হবে। কেউ উত্ত্যক্ত করলেই আত্মহত্যা করতে হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি যেকোনো ধরনের সামাজিক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান জানান।মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা বিভাগ) অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, প্রতিটি কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়িয়ে পুরুষদের সমপর্যায়ে আনতে পারলেই এ ধরনের সামাজিক রোগ দূর করা সম্ভব।রমনা অঞ্চলের উপকমিশনার (রমনা) কৃষ্ণপদ রায় বলেন, উত্ত্যক্ত করা বন্ধে পুলিশি ব্যবস্থাই একমাত্র সমাধান নয়। এ জন্য পরিবারে পুরুষ সদস্যদের এ ধরনের অপরাধ থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করতে হবে।সভার অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য দিলীপ রায়, মহিদুর রহমান হাওলাদার, ডিসি ট্রাফিক (দক্ষিণ) আকরাম হোসেন, পুলিশের যুগ্ম কমিশনার (প্রধান কার্যালয়) মনজুর কাদের খান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব শাহী হোসেন প্রমুখ।