নারীর ক্ষমতায়নের জন্য পুরুষের সচেতনতা জরুরি। পাশাপাশি নারী-পুরুষ উভয়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। সামাজিক ন্যায়বিচারের স্বার্থেই নারী-পুরুষের সমতার বিষয়টির স্বীকৃতি দিতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ‘টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে বক্তাদের আলোচনায় এই অভিমত উঠে এসেছে। পিকেএসএফ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে পিকেএসএফের ১৫০টি সহযোগী সংস্থার ২৪৯ জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ছাড়া সংস্থার নারী চাকুরেসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরেন। তিনি এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন। এ সময় সেমিনারে উপস্থিত সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচারের স্বার্থেই নারী-পুরুষের সমতার বিষয়টির স্বীকৃতি দিতে হবে। এটা মৌলিক মানবাধিকার। সম্পদের ওপর নারীর মালিকানা ও অধিকার থাকতে হবে। তা ছাড়া তিনি নারীর নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। ড. নাজনীন নারীর চ্যালেঞ্জ হিসেবে উচ্চশিক্ষা, স্বাস্থ্য, নারীর বিরুদ্ধে সহিংসতা, কর্মক্ষেত্রে বৈষম্যের কথা তুলে ধরেন।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. নাসরীন আহমাদ বলেন, নারীর প্রতি শ্রদ্ধা এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। বিজ্ঞান অনুষদে মেয়েরা বেশি ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে গত চার বছরে ৪০ শতাংশ নারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাঁদের নিজ যোগ্যতাবলে। নারীরা এগিয়ে যাচ্ছেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।