সামাজিক যোগাযোগমাধ্যমে গৃহকর্মীকে নির্যাতনের ছবি, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
শিশুটির নাম সুইটি। বয়স ১২ বছর। বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নবাবপুরে। দরিদ্র মা–বাবা তাকে রাজধানীর তোপখানা রোডের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেন। এখানে সে নয় মাস ধরে কাজ করছিল। প্রায় প্রতিদিনই তাকে নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী মারধর করতেন। একপর্যায়ে মেয়েটিকে নির্যাতনে আঘাতের চিহ্নসহ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এক প্রতিবেশী।
শনিবার রাতে ওই পোস্ট পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নজরে এলে শাহবাগ থানার পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়। রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত গৃহকর্তা তানভির আহসান এবং তাঁর স্ত্রী নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা প্রথম আলোকে বলেন, ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে। হাতে গুরুতর জখম রয়েছে।
তার শরীরে আরও অনেক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নজরে আসার পর দ্রুত তাকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
এআইজি আরও বলেন, ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যে বিষয়টি পুলিশের নজরে আসে।