বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামান্য আগুন থেকে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। হাসপাতালের সি-ব্লকের নিচতলায় আগুন লাগলে আতঙ্কে ১০ তলা ভবনটির কয়েক শ রোগী রাস্তায় নেমে আসে। কাউকে কোলে-পিঠে আবার কাউকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। হাসপাতালের কর্মী ও নিরাপত্তাকর্মীরা কয়েক মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সি ব্লকের নিচতলায় নিউরো সার্জারির জরুরি বিভাগসংলগ্ন রান্নাঘরের উল্টোদিকের অক্সিজেন পাইপে আগুন লেগে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পাইপের জোড়া ঢিলা হয়ে অক্সিজেন বের হতে শুরু করে। আর তা রান্নাঘরের চুলার সংস্পর্শে এসে আগুন ধরে যায়। সন্ধ্যায় গিয়ে দেখা যায়, সি-ব্লকের সামনের ফুটপাত ও রাস্তায় রোগী নিয়ে বসে রয়েছেন স্বজনেরা। এঁদের মধ্যে সদ্য অস্ত্রোপ্রচার হওয়া কিডনির রোগী জাহাঙ্গীর আলমকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নামিয়েছেন তাঁর স্ত্রী। চার বছরের ছেলে শাহীনকে নিয়ে চিকিৎসকের কক্ষের জানালা ভেঙে বের হয়েছেন মা শাহীনূর। গত সোমবারই শাহীনের মাথায় অস্ত্রোপাচার করা হয়েছে। তিনতলা থেকে হামিদা বেগমকে একরকম কোলে করে নামিয়েছেন তাঁর মেয়ে সাদিয়া লাইজু। সাদিয়া প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ শুনি আগুন আগুন চিৎকার, আনসাররা সমানে হুইসেল বাজাচ্ছে। এমন সময় বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে দরজা খুঁজে বের করে মাকে নিয়ে নেমে যাই।’এমন অনেক রোগী ছিলেন যাঁরা নড়তেচড়তে পারেন না। তাঁদের স্বজনেরা আঁকড়ে ধরে শুধু কেঁদেছেন। নিচতলায় ভর্তি জিন্নাতুন্নেসার শরীর ব্রেইন স্ট্রোকে অবশ হয়ে গেছে। তাঁর ছেলে আবু তালেব মাকে ধরেই বসেছিলেন।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, রোগীরা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। সবাইকে আবার নিরাপদে বিছানায় ফিরিয়ে নেওয়া হয়েছে।হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া বলেন, হাসপাতালের কর্মীরা যথাসময়ে আগুন নিভিয়ে ফেলেছেন। গত দেড় বছরে হাসপাতালে এ ধরনের তিনটি অগ্নিকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।