রাজধানীর আজমপুর বাসস্ট্যান্ড থেকে উত্তরখান মাজার চৌরাস্তা পর্যন্ত সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ। সড়কটিতে পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়। সড়কটির এ দুরবস্থায় দুর্ভোগে পড়েছে উত্তরখান ও দক্ষিণখান ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দা।
গত মঙ্গলবার দেখা যায়, আজমপুর বাসস্ট্যান্ড থেকে শাহজালাল অ্যাভিনিউ হয়ে রেলগেট পর্যন্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। খানাখন্দে বৃষ্টির পানি জমে থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন আজিজা বেগম। শাহজালাল অ্যাভিনিউতে প্রায় ৩০ মিনিট যানজটে বসে থেকে বিরক্ত হয়ে বললেন, রাস্তার এই অবস্থার কারণে সকালে আগে আগে বের হতে হয়। মাঝেমধ্যেই স্কুলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। রিকশা ভাড়াও দ্বিগুণের বেশি দিতে হচ্ছে।
আজমপুর থেকে উত্তরখান মাজার চৌরাস্তা পর্যন্ত সড়কটি ইটের তৈরি। সড়কের কাঁচাবাজার, সিএনজি পাম্প, চালাবন, মৌশাইর ও মাজার এলাকায় ইট সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছয় মাস আগে ইট দিয়ে সড়ক সংস্কার করা হয়। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে।
ইজিবাইকের চালক নাজির হোসেন বলেন, উঁচু-নিচু রাস্তার কারণে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। প্রায়ই রিকশা-ইজিবাইক উল্টে যায়। রাস্তাটি মেরামত করলেও ভারী যানবাহন, ট্রাক-কাভার্ড ভ্যানের কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যায়।
দক্ষিণখান এলাকায় রয়েছে তৈরি পোশাকসহ বিভিন্ন কলকারখানা। বেহাল রাস্তার আশপাশে ময়লা-আবর্জনা ফেলে রাখায় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। রাস্তায় গর্ত ও ভাঙার কারণে সুরকি ফেলা হয়েছে।
দক্ষিণখান চালাবনের মো. রাসেল মিয়া জানান, রাস্তায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টি হলেই দোকান পানিতে পরিপূর্ণ হয়ে যায়। বৃষ্টির পানি রাস্তা উপচে স্থানীয় দোকানঘর ও বসতবাড়িতে ঢুকে পড়ে।
আজমপুর রেলগেট থেকে উত্তরখান শাহ কবির মাজার পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ও জনপথ বিভাগের অধীনে। রাস্তার পাশে পানিনিষ্কাশন নালা (ড্রেন) না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই শাহ কবির মাজার রোড এলাকায় হাঁটুপানি জমে যায়। ফলে এলাকাবাসী ও যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
সালেউদ্দিন নামের শাহ কবির মাজার রোডের এক মুদি ব্যবসায়ী বলেন, সড়কের পাশে অবস্থিত প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানঘরের সামনে দুই ফুট উঁচু করে ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে। তারপরেও মাঝেমধ্যে প্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকে মালামাল নষ্ট হয়।
দক্ষিণখান ইউনিয়নের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, মাজার চৌরাস্তা পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। রাস্তাটির অবস্থা খারাপ। জনগণের স্বার্থে সওজ যেন সড়কটি ঠিক করে দেয়।
সওজের ঢাকা সাব-ডিভিশন-১-এর প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, আজমপুর থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত সড়কটি সওজের একটি প্রকল্পে অধীনে আছে। আগামী বছর প্রকল্পের কাজ শুরু হতে পারে। এ বছর সড়কের ছোটখাটো সংস্কার করে আগামী বছর নাগাদ পুরো সংস্কারকাজ করা সম্ভব হতে পারে।