সামান্য বৃষ্টিতেই বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি ও দমকা হাওয়ায় গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু কিছু এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।শেওড়াপাড়ার শামীম সরণিতে বৃষ্টির কারণে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয় বিকেলে। রাত ১০টার দিকে তা ঠিক করা হয়। এ কারণে ওই এলাকায় চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বারিধারা, সাত মসজিদ রোড, নয়াপল্টন, আদাবর, মনিপুরীপাড়া, গোপীবাগ, কাঁঠালবাগান, মোহাম্মদপুর ও মিরপুরের কয়েকটি এলাকা থেকে টেলিফোনে অনেক গ্রাহক অভিযোগ করেন, বিকেলে বিদ্যুৎ চলে যায়, এরপর তখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি। তেজতুরী বাজারে বেলা তিনটায় বিদ্যুৎ চলে যায়, আসে সন্ধ্যা সাতটার পর। এসব এলাকার কোথাও কোথাও ট্রান্সফরমার বিস্ফোরিত হয়, কোথাও বিতরণ লাইন (ফিডার) বন্ধ হয়ে যায়। এ কারণে এসব এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) কর্মকর্তারা জানান, দীর্ঘ শুকনা মৌসুমের পর হঠাৎ বৃষ্টি-বাতাস হওয়ায় বিতরণ লাইন এবং অবকাঠামোতে সমস্যা দেখা দেয়। ট্রান্সফরমার ও বিতরণ লাইনের বিভিন্ন স্পর্শকাতর অংশে পানি ঢুকে পড়ায় বিভ্রাট সৃষ্টি হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই এগুলো মেরামতে অনেক সময় লেগে যায়।