সামি বাড়ি ফেরেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন ইসতে খায়রুল আলম সামি। ২৬ বছরের টগবগে তরুণ। ফেরার নির্দিষ্ট দিন পেরিয়ে যায়, কিন্তু সামি আর বাড়ি ফেরেননি।মা রাজিয়া আলম অস্থির হয়ে পড়েছিলেন। আদাবরে তাঁদের বাসা। বাসার ঠিকানা দিয়ে মা পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি ছাপালেন। থানায় গেলেন, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়া তো চলছিলই। না, কেউ কোনো খোঁজই দিতে পারেননি সামির।মাস খানেক পর সামির বড় ভাইকে খবর দেওয়া হয় আদাবর থানা থেকে। থানায় গেলে পুলিশ তাঁকে সামির পরিচয়পত্র দিয়ে জানায়, আঞ্জুমানে মফিদুল ইসলাম একটি বেওয়ারিশ মৃতদেহ থেকে এই পরিচয়পত্র পেয়ে থানায় জমা দিয়েছে। এক সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ছয়জনের লাশ তারা দাফন করেছে জুরাইন গোরস্থানে। পুলিশ জানায়, আদাবরে সামিদের বাসার সামনেই মাস খানেক আগে ওই বাস দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় যে সামি মারা গেছেন, তা তাঁরা কেউ জানতেই পারেননি। ঘটনাটি ঘটে গত বছরের ২৮ জানুয়ারি।এরপরের ঘটনা আরও মর্মস্পর্শী। সামির মা এ ঘটনা জানতে পেরে থানায় গেলে পুলিশ তাঁকে গোরস্তানে নিয়ে যায়। ছয়টি কবর দেখিয়ে তাঁকে বলা হয়েছিল, ‘এর যেকোনো একটি আপনার ছেলের কবর।’ তবে কোন কবরটি সামির, তা নির্দিষ্ট করে তারা বলতে পারেনি।আজ শুক্রবার সামির প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পারিবারিক উদ্যোগে বাদ জুমা কলেজ গেট মসজিদে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।