সাম্প্রদায়িক সহিংসতার দায় জনপ্রতিনিধিদেরও নিতে হবে: ঢাবি প্রক্টর
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷ তিনি বলেন, কোনো জায়গাতেই সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যায়নি৷ ফলে এসব ঘটনার দায় তাঁদেরও নিতে হবে৷
আজ বৃহস্পতিবার সকালে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রক্টর এসব কথা বলেন৷ বিশ্ববিদ্যালয়ের আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ যৌথভাবে ‘হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা ও পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে৷
কর্মসূচিতে অংশ নিয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘জনপ্রতিনিধিরা বড় বড় গাড়িতে ঘোরেন৷ কিন্তু তাঁদের হৃদয় কতটুকু, দায়িত্ববোধ কতটুকু—এগুলো আজ প্রশ্ন হয়ে আসছে৷ যেসব জায়গায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, কোনো জায়গাতেই এসব প্রতিরোধে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ দেখা যায়নি৷ এসব ঘটনার দায় তাঁদেরও নিতে হবে। অন্যথায় গণতান্ত্রিক রাষ্ট্র বিপন্ন হবে। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দুই ধরনের মামলা হয়েছে। একদিকে আক্রান্ত ব্যক্তিরা বাদী হয়ে মামলা করেছেন, অন্যদিকে সরকারিভাবে পুলিশ-প্রশাসন মামলা করেছে৷’
এ সময় সাম্প্রদায়িক সহিংসতাকে আর সুযোগ না দেওয়ার আহ্বান জানান প্রক্টর। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মামলা-মামলা খেলা যেন না হয়, প্লিজ৷ প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে হবে৷ যাঁরা সম্পৃক্ত নয়, তাঁদের যেন আইনি সুরক্ষা দেওয়া হয়৷ আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে৷ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা একটি টিম হয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম৷ সবার বক্তব্য শুনে আমাদের কাছে মনে হয়েছে, এটি আকস্মিক বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ছিল একটি সংগঠিত অপচেষ্টা৷ এই আক্রমণে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। এই তরুণ প্রজন্মকে কে প্রশিক্ষিত করল? তাদের এই মানসিক অবস্থা কি প্রাতিষ্ঠানিকভাবে, সাংগঠনিকভাবে নাকি ব্যক্তিপর্যায়ে তৈরি হচ্ছে—এই বিষয়টিকে আমাদের এখন সব দিক থেকে বিবেচনা করতে হবে।’
শিক্ষাব্যবস্থার মাধ্যমেই শিক্ষার্থীদের দেশ-জাতিবিমুখ করে গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন৷ তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা একমুখী নয়৷ বিভিন্নমুখী এই শিক্ষাব্যবস্থা দেশে বৈষম্য তৈরি করছে এবং পাঠ্যসূচি আমাদের সাম্প্রদায়িক হতে বাধ্য করছে৷’
আবু মো. দেলোয়ার হোসেন আরও বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে হামলার ঘটনা ছিল একেবারেই পরিকল্পিত। এসব যে ঘটতে পারে, তা আমাদের গোয়েন্দা বাহিনীর জানার কথা ছিল৷ সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিরা যেমন অপরাধী, একই সঙ্গে যাঁদের অবহেলার কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে, তাঁদেরও আমরা দায়ী করতে চাই৷ মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িকতা৷ জাতির পিতা বঙ্গবন্ধু সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেননি। সেই বাংলাদেশে আজ এই অবস্থা! ধর্মনিরপেক্ষতাসহ বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি কাগজে আছে, বাস্তবে নেই৷ ব্যক্তিজীবন, রাষ্ট্রজীবন কিংবা অন্যান্য ক্ষেত্রে কোথাও নেই৷ এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷’
বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বিভাগের সাবেক চেয়ারম্যান ফাদার তপন ক্যামিলাস ডি রোজারিও, খণ্ডকালীন শিক্ষক নিরঞ্জন অধিকারী, সহকারী অধ্যাপক শাফী মো. মোস্তফা প্রমুখ বক্তব্য দেন৷