সাম্প্রদায়িক হামলা দুর্গোৎসবে শঙ্কার ছায়া ফেলেছে
দুর্গাপূজা সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। গতকাল সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মিলনায়তনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিষদের নেতারা এ দাবি জানান। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমারনাথ। সভায় বলা হয়, এ বছর দেশে ২৮ হাজারের বেশি পূজা হবে। শুধু রাজধানী ঢকাতেই হবে ২০২টি। কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় পূজা করতে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে নির্মীয়মাণ প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। সভায় আরও বলা হয়, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলায় শারদীয় দুর্গোৎসবে উদ্বেগ ও শঙ্কার ছায়া ফেলেছে। আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের ঘটনা বারবার ঘটত না। নেতারা বলেন, ধর্মভিত্তিক রাজনীতি দেশ ও জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধদের বিরুদ্ধে তাই কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় বাংলাদেশে পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।