বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশ থেকে সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র, সাম্রাজ্যবাদী লুণ্ঠন ও আগ্রাসনের বিরুদ্ধে সিপিবি সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে।গতকাল বুধবার সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লাল পতাকা শোভাযাত্রার আগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানীর পল্টনে সিপিবির কার্যালয় থেকে বেলা তিনটার দিকে শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাপূর্ব সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সিপিবি সব ধরনের শোষণ-নির্যাতন, সাম্প্রদায়িকতা, স্বৈরশাসন ও জাতিগত নিপীড়নের বিরুদ্ধে, জনগণের ভাত-কাপড়-জমি-কাজের জন্য, সমাজ প্রগতি ও প্রগতিশীল সাংস্কৃতিক বিকাশের জন্য আপসহীন সংগ্রাম চালাচ্ছে। বর্তমানে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সশস্ত্র তাণ্ডব, নৈরাজ্য, খুন, অগ্নিসংযোগ, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে দলটি।