সারা বছর ক্লাসের দাবিতে ছাত্রফ্রন্টের অবস্থান ধর্মঘট
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর সেশনজট নিরসন এবং সারা বছর ক্লাস চালু রাখার দাবিতে দেশব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে সংগঠনটি। ধর্মঘটে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, মিরপুর বাঙলা কলেজ, বদরুন্নেছা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজসহ প্রায় ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।সমবেত শিক্ষার্থী ও নেতা-কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা রাস্তার এক পাশ আটকে রাখেন। এ সময় গাড়ি চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিয়ে রাস্তার পাশেই সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় এক হাজার ৯০০ কলেজের ১২ লাখেরও বেশি শিক্ষার্থী তিন থেকে চার বছরের সেশনজটে ভুগছেন। বক্তারা বলেন, সেশনজটের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন প্রলম্বিত হচ্ছে। সেশনজট নিরসন করতে হলে তিন মাসের মধ্যে ফল প্রকাশ এবং একাডেমিক ক্যালেন্ডার চালুর কোনো বিকল্প নেই। সভাপতির বক্তব্যে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সারা বছর ক্লাস চালু রাখতে হলে স্বতন্ত্র পরীক্ষার হল, পর্যাপ্ত শ্রেণীকক্ষ এবং শিক্ষক নিয়োগ করতে হবে। এ জন্য বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ বরাদ্দ রাখার প্রয়োজন। সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি রাহাত আহম্মেদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মলয় সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্তীসহ বিভিন্ন কলেজের ছাত্রনেতারা বক্তব্য দেন।