সার্ক গণতন্ত্র সনদকে আরও জনমুখী করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাত্র দেড় পৃষ্ঠার সনদের কোথাও ইংরেজি ‘শ্যাল’ বা ‘উইল’ শব্দটি ব্যবহার করা হয়নি। এটি ভুলবশত বা দুর্বল ভাষাজ্ঞানজনিত নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। এই সনদে দক্ষিণ এশিয়ার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা প্রতিফলিত হয়নি। আমাদের লক্ষ্য হলো সার্ক গণতন্ত্র সনদকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া।’ সার্ক গণতন্ত্র সনদের ওপর সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় বক্তারা এ কথা বলেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।সভায় নির্ধারিত বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবির এবং আয়োজক সংগঠনের বাংলাদেশ ব্যুরোর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন হামিদা হোসেন, মানবাধিকারকর্মী তালেয়া রেহমান প্রমুখ। সভা সঞ্চালন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।বক্তারা সার্ক গণতন্ত্র সনদকে আরও বেশি জনগণমুখী করার প্রস্তাব দেন। এ ক্ষেত্রে সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিসের উদ্যোগে ‘সার্ক গণতন্ত্র সনদ: নাগরিক উদ্যোগ’ নামের খসড়া প্রস্তাবটির দিকে বক্তারা দৃষ্টি আকর্ষণ করেন। ওই প্রস্তাবটিতে মুখবন্ধসহ ১০টি অংশ ও ৫০টি অনুচ্ছেদ রয়েছে। সার্ক সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব ও জনগণের প্রতি বাধ্যবাধকতা, আইনের শাসন, মানবাধিকার ও বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, নির্বাচনসহ অন্যান্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সচলতা, নীতি বাস্তবায়নের পদ্ধতিসমূহ— এগুলো ওই প্রস্তাবের বিভিন্ন অংশে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির ৩৮তম অধিবেশনে সার্ক গণতন্ত্র সনদ প্রাথমিকভাবে গৃহীত হয়। আগামী নভেম্বর মাসে মালদ্বীপে অনুষ্ঠেয় সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলনে এটি চূড়ান্ত করা হবে।ইমতিয়াজ আহমেদ গণতন্ত্রায়ণের ক্ষেত্রে সুশীল সমাজের গুরুত্ব উল্লেখ করে বলেন, যেখানে সুশীল সমাজ নেই, সেখানে গণতন্ত্রও নেই। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাঁরা সুশীল সমাজ অপ্রয়োজনীয় বলে মনে করেন, তাঁদের এ নিয়ে আরও জানাশোনা থাকতে হবে। তিনি বলেন, ক্ষমতাহীনদের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা হলো ক্ষমতাসীনদের দায়িত্ব। আসিফ নজরুল বলেন, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সংকট এখানে আইনের শাসন নেই। অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের সহজাত বিষয়। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে প্রকৃত স্বাধীনতা দিতে হবে।