নারী উন্নয়ন নীতি জাতীয় উন্নয়ন পরিকল্পনারই একটি অংশ। তাই দেশের সার্বিক উন্নয়নের জন্যই নারীনীতির বাস্তবায়ন দরকার। ইসলাম ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিক কথা নারীনীতিতে বলা হয়নি।‘নারীর অধিকার: প্রসঙ্গ জাতীয় নারী উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সামাজিক উন্নয়নের অংশ হিসেবে নারীদের উন্নয়নের জন্য নারীনীতির বাস্তবায়ন প্রয়োজন। যাঁরা নারীনীতির বিরোধিতা করেন, তাঁরা ধর্মের অপব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আজকের নারীনীতির বিরোধীরাই একাত্তর সালে ইসলামের অপব্যবহার করে গণহত্যা চালিয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সমাজে অবহেলিত নারীদের অধিকার রক্ষার জন্য এই নীতিমালা হয়েছে। এ ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ নীতির বিরোধিতা করছে এক শ্রেণীর ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান কাজী নূরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শাহিনুর রহমান, এস এম আনোয়ারা বেগম, মো. সেলিম, মো. জাকারিয়া মিয়া, নূরুল মোমেন প্রমুখ।