সাড়া জাগাল ঈদে মুক্তি পাওয়া তিন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রেক্ষাগৃহ পূর্ণ’—এমন নোটিশ ঢাকার সিনেমা হলগুলোতে এখন খুব একটা দেখা যায় না। দর্শকের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ পূর্ণ হয় খুব কম। স্যাটেলাইট টেলিভিশন আর ভার্চুয়াল বিনোদনে ব্যস্ত নাগরিকের সময় কোথায়, হলে গিয়ে টিকিট কেটে আড়াই থেকে তিন ঘণ্টার পূর্ণদৈর্ঘ্য ছবি দেখবেন। কিন্তু এবারের চিত্র ব্যতিক্রম। ঈদ উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। এ চলচ্চিত্রগুলো দেখতে যাওয়া দর্শকের উপস্থিতি বিগত কয়েক বছরের তুলনায় বেশি ছিল। রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেল প্রতিদিনকার প্রদর্শনীগুলোতে উপচে পড়া ভিড়।ঈদে বড় পর্দায় মুক্তি পাওয়া তিনটি ছবিই নির্মিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। ছবিগুলো হচ্ছে অনন্ত জলিল পরিচালিত নিঃস্বার্থ ভালোবাসা। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। পি এ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও নবাগত মাহি। বদিউল আলম পরিচালিত মাই নেম ইজ খান ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারা দেশের ১৭৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এ তিনটি ছবি।বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘বিগত এক যুগের মধ্যে এবার সবচেয়ে কম ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দর্শকের সাড়া মিলেছে বিগত বছরগুলোর চেয়ে বেশি। এবার সারা দেশের সিনেমা হলগুলোর ব্যবসা যথেষ্ট ভালো হয়েছে। প্রচুর মানুষ ছবি দেখতে আসছে।’ তাঁর মতে, এবার দর্শকের বেশি আগ্রহের মূলে রয়েছে তিনটি ছবিই নির্মিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। স্বচ্ছ পর্দার পাশাপাশি ভালো শব্দব্যবস্থার কারণে দর্শকেরা মজা পাচ্ছেন। তাঁদের বিনোদনটাও পূর্ণ হচ্ছে শতভাগ। চলচ্চিত্র পরিচালক পি এ কাজল বললেন, ‘এবার আমার ছবিটি নারী দর্শক বেশ পছন্দ করেছেন। আর নারীরা একটি ছবি পছন্দ করলে সে ছবি বাণিজ্যিকভাবে সফল হয়।’ দেশের ৭১টি সিনেমা হলে তাঁর নতুন ছবি ভালোবাসা আজকাল মুক্তি পেয়েছে বলে জানান তিনি। মাই নেম ইজ খান-এর পরিচালক বদিউল আলম জানান, তাঁদের ধারণার চেয়েও বেশি ব্যবসা করছে ছবিটি। ব্যবসার দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি। নিঃস্বার্থ ভালোবাসা প্রথম সপ্তাহে ৩৪টি হলে মুক্তি পেয়েছে। দ্বিতীয় সপ্তাহে ছবিটির চাহিদা আরও বাড়ছে বলে জানান পরিচালক অনন্ত জলিলের একান্ত সচিব এস এম সজিব। তিনি বলেন, সব শ্রেণীর দর্শক ছবিটি দেখতে আসছেন।ঈদের পর শনিবার থেকে গত মঙ্গলবার ঢাকার প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি দেখা গেছে। দর্শকের সঙ্গে কথা বলে জানা গেছে, ছবির পাশাপাশি পরিবেশটাকেও গুরুত্ব দিচ্ছেন তাঁরা। রাজধানীর মধুমিতা, অভিসার, বলাকা, জোনাকি কিংবা স্টার সিনেপ্লেক্সে দর্শনার্থীর সংখ্যা বেশি দেখা গেছে। স্টার সিনেপ্লেক্সে নিঃস্বার্থ ভালোবাসার পাশাপাশি চলছে চারটি ইংরেজি ছবি। সোমবার পুরান ঢাকার নারিন্দা থেকে এসেছিলেন অমিত-মাহমুদা দম্পতি। অমিত বলেন, ‘পরিবার পরিজন নিয়ে ছবি দেখার পরিবেশ খুব কমই মেলে। তা ছাড়া মনের মতো ছবিও মুক্তি পায় না। এবার ঈদের ছুটিতে ছবি দেখতে এসে বেশ ভালো লাগছে।’ ছবি দেখে মুগ্ধ মাহমুদা বলেন, ‘এখন বিশ্বাস হচ্ছে, আমাদের দেশে এখন ভালো এবং উন্নত প্রযুক্তির ছবি তৈরি হয়।’ চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ বাণিজ্যিক সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে বেশিসংখ্যক ছবি তৈরি হবে। এভাবে সুদিন ফিরে আসবে চলচ্চিত্রশিল্পে।