সাড়ে পাঁচ হাজার কর্মীর চাকরি নিয়ে বিটিসিএলে অস্থিরতা
চাকরি সরকারীকরণ ও স্থায়িত্বের দাবিকে কেন্দ্র করে প্রায় এক বছর ধরে অস্থিরতা চলছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল)। দাবি বাস্তবায়নে আন্দোলনকারীরা গত কয়েক মাসে বিভিন্ন কর্মসূচি দিলেও বিষয়টির সুরাহা হয়নি। এ প্রেক্ষাপটে বিটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হতে পারে।বিটিসিএল সূত্রে জানা গেছে, চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন এক হাজার ৮০০ অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী। চাকরি সরকারীকরণ বা কোম্পানিতে সরকারি সুবিধায় চাকরির দাবিতে আদালতের আশ্রয় নিয়েছেন বিসিএস ক্যাডারভুক্ত ৪০০ কর্মকর্তা। এ ছাড়া চাকরি সরকারীকরণ ও শূন্য পদে ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়োগের দাবিতে আন্দোলন করছেন দুই হাজার ৯৭২ কর্মচারী।টানা চার দিন অনড় অবস্থান শেষে এক হাজার ৭০০ অস্থায়ী কর্মচারী গত ১৩ এপ্রিল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলা করেছে।এদিকে বিক্ষুব্ধ পাঁচ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন কয়েক দফা দাবিতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ২০০৮ সালে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে (বিটিটিবি) কোম্পানি হিসেবে বিটিসিএলে রূপান্তর করা হয়। এ জন্য ২০০৯ সালে জাতীয় সংসদে ‘দ্য বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (সংশোধনী) আইন, ২০০৯’ পাস হয়। ২০০৮ সালের ১ জুলাই থেকে টেলিকম ক্যাডার কর্মকর্তাদের মূল কর্মক্ষেত্র বিটিটিবির রূপান্তর করা হয় বিটিসিএলে। ওই আইনের মাধ্যমেই বিসিএস ক্যাডারের কর্মকর্তাসহ সবাইকে কোম্পানি গঠনের দিন থেকে পরবর্তী দুই বছর কোম্পানির চাকরি করতে বাধ্য করে আইন পাস করা হয়। সে সময় বিটিসিএলের জন্য সৃষ্ট ১২ হাজার ৬৩৬ সুপারনিউমারি পদের দুই বছর মেয়াদি চাকরির সময়সীমা ছিল ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত। ওই মেয়াদ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে এক বছর।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান বিটিসিএলে সাড়ে ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। এর মধ্যে সাড়ে নয় হাজার কর্মকর্তা-কর্মচারী স্থায়ী। আর অস্থায়ী বা মাস্টাররোলে কর্মরত রয়েছেন প্রায় সাড়ে চার হাজার। কিন্তু বিটিসিএলের জনবল কাঠামো (অর্গানোগ্রাম) অনুযায়ী মোট পদের সংখ্যা আট হাজার ৭০৩টি।এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি নিয়ে মন্ত্রণালয় কাজ করছে। ৩০ জুনের মধ্যে বিটিসিএলের এসব সমস্যা সমাধান সম্ভব হবে বলে আশা করছি।’টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে মুঠোফোনে বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ‘কোনো ক্যাডার সার্ভিসই বিলুপ্ত হবে না।’ বিসিএস টেলিকম সমিতির সাধারণ সম্পাদক এম এ তালেব বলেন, ‘প্রতিষ্ঠানের সব কর্মচারী ইতিমধ্যে আন্দোলনে জড়িয়ে পড়েছেন। তাই বিষয়টির সমাধান জরুরি।’বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুকিত হিরু বলেন, ‘বিটিসিএলের নিয়োগ নীতিমালা না থাকায় চাকরি নিয়ে আতঙ্কিত সবাই। কী হচ্ছে বা কী হবে, কেউই জানি না।’