সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরপুল বাজারে ডিএসসিসি নির্ধারিত পণ্যের মূল্য যাচাই করছেন মেয়র সাঈদ খোকন l প্রথম আলো
হাতিরপুল বাজারে ডিএসসিসি নির্ধারিত পণ্যের মূল্য যাচাই করছেন মেয়র সাঈদ খোকন l প্রথম আলো

ভেজালবিরোধী পৃথক অভিযান চালিয়ে গতকাল রোববার ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত শনিবার ২৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: গতকাল বেলা ১১টায় হাতিরপুল বাজারে দ্রব্যমূল্য যাচাই করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি কয়েকজন ক্রেতাসহ তরকারি, মাছ, মাংস ও মুদি দোকানির সঙ্গে কথা বলেন। দোকানিরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি। তখন ডিএসসিসির মূল্যতালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পান মেয়র। এ সময় ফারুক স্টোর, তিন ভাই বাণিজ্যালয় ও মোতালেব মাংস বিতানের প্রত্যেকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব। মেয়র সাংবাদিকদের বলেন, কোনো বাজারেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে দেওয়া হবে না। সারা বছরই বিভিন্ন মার্কেটে বাজারদর যাচাইকল্পে গঠিত পর্যবেক্ষণ কমিটির অভিযান অব্যাহত থাকবে। কেউ পণ্যের দাম বেশি রাখলে ৯৫৫৬০১৪ নম্বরে ফোন করে করপোরেশনকে অভিযোগ জানাতে সবাইকে আহ্বান জানান তিনি।

 র‌্যাব-২: মাংসের ওজনে কম দেওয়া ও মহিষের মাংসকে গরুর মাংস এবং ছাগলের মাংসকে খাসির মাংস বলে বিক্রয় করায় র‌্যাব-২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের মাংস ব্যবসায়ী ইকবাল কোরাইশীকে ৫০ হাজার টাকা, কাউসারকে ২০ হাজার, আনোয়ার হোসেনকে ২০ হাজার, মো. জনিকে ৪০ হাজার, মো. আবেদকে ১০ হাজার, মো. রফিককে ১০ হাজার ও মো. সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া আদালত মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খুলনা ফুড প্রোডাক্টস ও বিসমিল্লাহ আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লেবেলবিহীন মিষ্টি, দই, চানাচুরসহ অন্যান্য বেকারি খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করায় খুলনা ফুড প্রোডাক্টসের মিরাজুর রহমান, জয়নাল আবেদীন, মো. হানিফ, রহমত উল্লাহ ও মো. মিনারকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঢাকা জেলা প্রশাসন: অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে অবৈধ, নিম্নমানের ভেজাল সেমাই তৈরি করায় গতকাল কামরাঙ্গীরচরের দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন, ৫-এপিবিএন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচরের এস আর ফুড প্রোডাক্টস ও আলী ফুড প্রোডাক্টস বেনামে নোংরা পরিবেশে সেমাই তৈরি করে আসছে। তাই তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে মালিককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রায় লক্ষাধিক টাকা মূল্যমানের পরিমাণে সেমাই জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর: গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি দল অভিযান চালিয়ে কাফরুল থানাধীন বিএফ শপিং কমপ্লেক্সে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় আনন্দ কনফেকশনারিকে ১৬ হাজার ও মজনু ফলের দোকানকে ৫ হাজার টাকা, মিতা স্টোরকে ২৫ হাজার টাকা, পোস্টাল স্টোরকে ৩০ হাজার টাকা, ভোলু বিতানকে ২ হাজার টাকা, মাহাতাব মাংসের বিতানকে ২ হাজার টাকা, তেজগাঁওয়ের নামিবা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, আল ইসমাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া প্রায় একই অপরাধে শেরেবাংলা নগর, মিরপুর, শাহ আলী ও পল্লবী এলাকায় ১৫টি প্রতিষ্ঠানকে ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।