সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলায় খালাস পেলেন বিটিসিএলের চার কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) চার কর্মকর্তাসহ পাঁচজন। আজ বুধবার ঢাকার  বিশেষ জজ আদালত-৯–এর বিচারক শেখ হাফিজুর রহমান এই রায় দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম। তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

খালাস পাওয়া পাঁচজন হলেন বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মু. আবু সাঈদ খান, পরিচালক মাহবুবুর রহমান, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান, প্রকৌশলী মো. তৌফিক এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যারিস্টোকল সার্ভিসেসের বাংলাদেশ প্রতিনিধি এস এম ইসতিয়াক।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০১০ সালে অ্যারিস্টোকল সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্যারিয়ার হিসেবে কল আদান-প্রদানের জন্য বিটিসিএলকে চুক্তির প্রস্তাব দেয়। এরপর বিটিসিএলের অর্থ শাখা থেকে অ্যারিস্টোকলের ২ লাখ ১০ হাজার ৬৫৬ ডলার বকেয়া থাকার তথ্য জানানো হয়।

৬৩টি সংযোগের মধ্যে ৩৩টি বন্ধ করে দেয় বিটিসিএল। আর বকেয়া পরিশোধ না করায় ২০১২ সালে অ্যারিস্টোকল সার্ভিসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তখন মার্কিন ওই প্রতিষ্ঠানের কাছে তার পাওনা ছিল ২৯ লাখ ৭২ হাজার ৮২৪ ডলার। অবশ্য প্রতিষ্ঠানটির ব্যাংক গ্যারান্টির ১০ লাখ ৭৭ হাজার ৮৪৪ ডলার ভাঙিয়ে নেয়। তারপরও প্রতিষ্ঠানটির কাছে বিটিসিএলের পাওনা ছিল ১৫ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে এই টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।