সায়েদাবাদ এক্সচেঞ্জের ২১০০ টেলিফোন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূগর্ভস্থ কেব্ল চুরির কারণে সায়েদাবাদ এক্সচেঞ্জের দুই হাজার ১০০ টেলিফোনের সংযোগ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার ভোর থেকে এই সমস্যা দেখা দিয়েছে। তবে বন্ধ হয়ে যাওয়া টেলিফোন সংযোগগুলো পুনরায় চালুর চেষ্টা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গতকাল বুধবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি জিডি করা হয়েছে। আর সব টেলিফোন-সেবা পুরোপুরি চালু করতে সাত দিন লাগতে পারে বলে জানান বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ। গত সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন যাত্রাবাড়ীর উত্তর ধনিয়ার নয়াগাঁও টাওয়ার এলাকার ম্যানহোল থেকে তিন হাজার জোড়ার প্রায় ১৯০ মিটার ভূগর্ভস্থ প্রাইমারি কেব্ল চুরি হয়ে যায়। ফলে রায়েরবাগ, শান্তিধারা, জনতাবাগ, জিয়াসরণি ও গোয়ালবাড়ী এলাকার টেলিফোনগুলো অচল হয়ে পড়ে।