ডেনমার্কের বাণিজ্যমন্ত্রীর পরিদর্শন
সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালু ১৩ ডিসেম্বর
রাজধানীর সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। এ প্রকল্পে প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হবে। সায়েদাবাদের গোলাপবাগ এলাকায় অবস্থিত এই প্রকল্পের বেশির ভাগ অর্থায়ন ডেনমার্ক সরকারের। ডেনমার্কের প্রতিষ্ঠান এমটি হুগার্ট ও ফ্রান্সের প্রতিষ্ঠান দেগ্রোমন্ত এতে কারিগরি সহায়তা করেছে। এতে প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়। গতকাল বুধবার ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী পিয়া ওলসেন দিরো সায়েদাবাদ শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ওই দেশের তিন সাংসদসহ ২৫ জন প্রতিনিধি। তাঁদের সঙ্গে নিয়ে প্রকল্পটি ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সচিব আবু আলম মো. শহীদ খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, প্রধান প্রকৌশলী মো. কামরুল আলম চৌধুরী প্রমুখ। প্রকল্প ঘুরে দেখে ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের কর্মকর্তাদের জানান, সায়েদাবাদ তৃতীয় পর্যায়ের শোধনাগারের জন্যও ডেনমার্ক সরকার ৮০০ কোটি টাকা দেবে। ওই প্রকল্পে সম্ভব না হলে ওয়াসা অন্য কোনো প্রকল্পেও তা খরচ করতে পারে। সায়েদাবাদ (প্রথম), চাঁদনীঘাট ও নারায়ণগঞ্জ পানি শোধনাগার ছাড়াও ৬৩১টি গভীর নলকূপ থেকে ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক ২১৯ কোটি লিটার পানি উৎপাদন করছে। সায়েদাবাদ দ্বিতীয় পর্যায়সহ মোট উৎপাদন হবে প্রায় ২৪২ কোটি লিটার পানি।