সায়েদাবাদে দুজনকে ছুরিকাঘাত করে টাকা মুঠোফোন ছিনতাই
রাজধানীর সায়েদাবাদে গতকাল বুধবার আধা ঘণ্টার ব্যবধানে ছিনতাইকারীরা দুজনকে ছুরিকাঘাত করে টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নিয়েছে। আহত দুজন মজিবর রহমান (৫০) ও সাদ্দাম হোসেনকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল ছয়টার দিকে সায়েদাবাদের জনপথ মোড়ে তিনজন ছিনতাইকারী সাদ্দাম হোসেনের রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়।হাসপাতালে সাদ্দাম জানান, তিনি বাংলামোটরে থাকেন। তিনি খিলগাঁওয়ে মামার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সায়েদাবাদে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।এই ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পাঁচজন ছিনতাইকারী সায়েদাবাদ বাসস্ট্যান্ডের কাছে মজিবর রহমানের পথ রোধ করে তাঁর পেটে ছুরি মেরে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। হাসপাতালে মজিবর সাংবাদিকদের জানান, তিনি মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন। বরগুনার বামনা থেকে বাসে করে সকালে তিনি সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে ছিনতাইকারীদের শিকার হন।