সায়েন্স ল্যাব মোড়ে যানজটের কারণ সরু সড়ক

চার লেনের রাস্তা এক লেন হয়ে যাচ্ছে। যান ঢুকছে একটি একটি করে। যে যেখান থেকে পারছে পথে উঠছে। মূল সড়কে অবাধে চলছে রিকশা। পেছনে যানবাহনের লম্বা সারি। এ চিত্র রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের। যানজট এখানে প্রতিদিনের ঘটনা।
অন্যদিনের মতো গতকালও মিরপুর সড়ক পুরোটাতেই যানজট ছিল। সকালে ধানমন্ডির ৩ নম্বর সড়কে একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে মিরপুর সড়কে প্রতিদিনের তুলনায় যানজট বেশি হয়। সকালে এ সড়কে এমনিতেই মানুষের চাপ থাকে। দুপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করলে সায়েন্স ল্যাব মোড়, মিরপুর, ধানমন্ডি, সাতমসজিদ, শাহবাগসহ আশপাশের সব সড়কে যানবাহন থেমে থাকে। যানজট সীমা ছাড়িয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়কটি চার লেনের। সায়েন্স ল্যাবের মোড়ে এসে ভাগ হয়ে এক লেন হয়ে যায়। বাঁ দিকে এলিফ্যান্ট রোডে কিছু যান ঢোকে। কিছু যান সোজা চলে যায়। বাঁয়ে মোড় নেওয়ার সড়কটি অনেক সরু। সঙ্গেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এ সরু সড়কটিতে একটি বাসের সঙ্গে আরেকটি যান ঢুকলেই গায়ে লেগে যায়। তখন আজিমপুর ও সাতমসজিদ রোড থেকে আসা যানগুলো ঘুরতে গিয়ে ধীরে এগোয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে। এর প্রভাব পড়ে অন্য সড়কগুলোতে।
ধানমন্ডি ১ নম্বর সড়কে ঢুকতে মোড়ে যানবাহন না থামার একটি সাইনবোর্ড টাঙানো আছে। কিন্তু কেউ এর তোয়াক্কা করে না। যাত্রীরাও সেখানে দাঁড়িয়ে বাসে উঠছেন। আবার এলিফ্যান্ট রোড থেকে মিরপুর রোডে আসতেও সিগন্যালে যাত্রী ওঠানামা করে। সায়েন্স ল্যাব পুলিশ বক্সের সামনের সড়ক বিভাজকের ওপর যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করেন। কিন্তু এটি সিগন্যাল, স্টপেজ নয়। তবু বাস থামছে। নিউমার্কেট থেকে ফার্মগেটগামী লেগুনাও পুরো সড়ক থামতে থামতে যায়। মোহাম্মদপুর থেকে আসা বাসগুলো সিটি কলেজের সামনে দিয়ে মোড়ে এসে ঘুরতে ঘুরতেই যাত্রী তোলে ও নামায়।
মিরপুর সড়কে রিকশা চলাচল নিষেধ। সায়েন্স ল্যাবের এই ব্যস্ত মোড়টিতে রিকশাও চলে। কিন্তু পাশেই রিকশার আলাদা লেন আছে।
সায়েন্স ল্যাবের কর্তব্যরত সার্জেন্ট মো. আতিকুর রহমান বলেন, ‘এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যাতে গাড়িগুলো বেশিক্ষণ থেমে না থাকে। আর চলতে চলতে হয়তো কিছু যাত্রী ওঠানামা হয়ে থাকে।’ রিকশা চলাচলের ব্যাপারে তিনি বলেন, রিকশার চাপ বেড়ে গেলে কিছু রিকশা ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া কিছু করার থাকে না।
কর্তব্যরত আরেক সার্জেন্ট বলেন, এ সড়কের মূল যানজট বিসিএসআইআরের পাশের সরু সড়কটিতে। ওখানে যদি আরও দুই হাত জায়গা পাওয়া যেত, তবে তিন লেনে যানবাহন যাতায়াত করতে পারত। তখন যেকোনো যানবাহন অতি সহজেই সায়েন্স ল্যাব মোড় পার হতে পারত।