সিংড়ায় বিজয়ী প্রার্থীর কর্মী নিহত, গাইবান্ধায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিরোধের জের ধরে সোমবার নাটোরের সিংড়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হাতে বিজয়ী চেয়ারম্যানের এক কর্মী নিহত হয়েছেন। এদিকে গাইবান্ধার ফুলছড়িতে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি সোমবারই মারা গেছেন।
গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে প্রাণ হারালেন ১১৮ জন।
সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে সোমবার দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী ও পরাজিত প্রার্থীর সমর্থকের হাতে নিহত হন দলটির বিজয়ী প্রার্থীর কর্মী রেজাউল করিম। তিনি বেড়াবাড়ি গ্রামের রহিদুল ইসলামের ছেলে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম মৃধার কর্মী ছিলেন তিনি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রেজাউল গ্রামে প্রবেশ করতে গেলে প্রতিপক্ষ সাইফুল রেজার সমর্থকেরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রেজাউলের চাচাতো বোন দিপালী খাতুন অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় থেকে সাইফুল রেজার লোকজন তাঁর ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। সাইফুল রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর কোনো সমর্থক রেজাউল করিমকে মারেননি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত আবদুর রহমান (৫৫) সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৭ জুন জাতীয় পার্টি-সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হাছেন আলীর সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। আবদুর রহমান গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আবদুল গণি মিয়ার বড় ভাই। ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার এই মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, ওই হামলার ঘটনায় করা মামলায় সোমবার বিকেলে জহুরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।