সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও ভাইকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোজাফফর হোসেনকে (৪০) আজ শুক্রবার ভোরে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাধা দিতে গেলে মোজাফফরের দুই ভাইয়ের হাত ও পায়ের কয়েকটি আঙুল কেটে নেয় দুর্বৃত্তরা। তাঁদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন।

নিহত ভাইয়ের নাম হাসেন আলী। আহত আরেক ভাই মহসিন আলী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত মহসিন আলী তথ্যের বরাত দিয়ে সিংড়া থানার পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বরগ্রামের (৬ নম্বর ওয়ার্ড) সাবেক ইউপি সদস্য মোজাফফর ও বর্তমান সদস্য ইউনুস আলীর (৩৮) মধ্যে বিরোধ চলছিল। তাঁরা পরস্পর মামাতো-ফুপাতো ভাই। বাড়িও পাশাপাশি। আজ ভোরে ইউনুস আলীর লোকজন কৌশলে মোজাফফরকে পাশের আসমা বেগমের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ওই বাড়ির ভেতর তাঁকে কুপিয়ে হত্যা করে। উদ্ধার করতে গেলে তাঁর দুই ভাই হাসেন ও মহসিনের হাত–পায়ের কয়েকটি আঙুল কেটে দেওয়া হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হাসেন ও মহসিনকে উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে হাসেন মারা যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডলের ভাষ্য, গত ইউপি নির্বাচনে বিরোধের পাশাপাশি চলনবিলের খাস জমি ও মাছ ধরা নিয়ে মোজাফফর ও ইউনুসের মধ্যে বিরোধ ছিল। কারা এই হামলায় অংশ নিয়েছিল, এ ব্যাপারে তদন্ত চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ আটক হয়নি। হত্যাকাণ্ডের পর থেকে ইউনুসকে এলাকায় দেখা যায়নি।

ময়নাতদন্তের জন্য মোজাফফরের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

২ নম্বর ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম জানান, হত্যাকাণ্ডের পর এলাকার অবস্থা থমথমে।