সিআইডি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ মতিঝিলের শাপলা চত্বর থেকে গতকাল শনিবার সাদেক হোসেন ওরফে সাকিব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।মতিঝিল থানা সূত্র জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিল শাপলা চত্বরে কর্তব্যরত পুলিশের সার্জেন্ট আবু ইউসুফ মজুমদার নম্বরবিহীন ‘অন টেস্ট’ লেখা একটি অ্যাম্বুলেন্স থামান। এ সময় সার্জেন্ট অ্যাম্বুলেন্সের কাগজপত্র দেখতে চাইলে আরোহী সাদেক হোসেন নিজেকে সিআইডির এসআই পরিচয় দেন। ইউসুফ তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে সাদেক জানান, পরিচয়পত্র বাসায় রেখে এসেছেন। সাদেকের আচরণে সন্দেহ হলে সিআইডিতে খোঁজ নেন ইউসুফ। এরপর তিনি নিশ্চিত হন, সাদেক নামে সিআইডির কোনো এসআই নেই। এরপর পুলিশ অ্যাম্বুলেন্সসহ ভুয়া এসআই সাদেককে আটক করে থানায় নিয়ে আসে।মতিঝিল থানার অপারেশন কর্মকর্তা মামুনুর রশীদ জানান, এ ব্যাপারে সার্জেট আবু ইউসুফ মজুমদার প্রতারণার অভিযোগে সাদেকের বিরুদ্ধে মামলা করেছেন।