সিএনজি স্টেশন বন্ধ না রেখে গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পো-মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়নের নেতারা। গতকাল এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, সিএনজি স্টেশন বন্ধ না রেখে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা শহরে গণপরিবহনের সংকট রয়েছে। কিন্তু স্কুল-কলেজ, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে মানুষের যাওয়া ও ঘরে ফেরার সময় চালকেরা গাড়ি চালাতে পারেন না। ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকায় অনেক চালকের গাড়ি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জমার টাকা নিয়ে তাঁদের সঙ্গে মালিকদের প্রায়ই ঝগড়া হচ্ছে। সরকারের এই নীতির কারণে অটোরিকশাচালকদের আয় দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও সেদিকে সরকারের কোনো নজর নেই। এতে চালকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অটোরিকশাশ্রমিকদের বেকারত্ব ও অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল বুধবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নগরের অটোরিকশা স্ট্যান্ডগুলোতে প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এর মধ্যেও সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে ২৫ অক্টোবর নগরে সমাবেশ ডেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম ফারুক। এ সময় সমিতির সভাপতি মুজিবুর রহমান মাস্টার, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মোজাম্মেল হক, রফিকুল ইসলামসহ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।