
তেজগাঁওয়ের সাউদার্ন সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অন্তত ২০০ গাড়ির সারি। কিছু দূরে সাতরাস্তায় সিটি সিএনজি স্টেশনের চৌহুদ্দির ভেতরে জায়গা কম থাকায় শতাধিক গাড়ি প্রধান সড়কে। সব চালক ও আরোহীর তাড়া—কখন গ্যাস পাওয়া যাবে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে যখন গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা এসব গাড়ি অপেক্ষা করছিল, তখন পার্শ্ববর্তী আবাসিক এলাকা বেগুনবাড়ীতে বিদ্যুতের যেন লুকোচুরি খেলা চলছিল। চুলা জ্বলছিল টিমটিম করে। সিটি সিএনজি স্টেশনের কর্মচারী রফিকুল ইসলাম ওই এলাকার সমস্যার কথা জানাতে গিয়ে বললেন, রমজান মাসে তাঁর বাসায় বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আরও বেড়েছে।
অথচ রমজান মাসে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ-ব্যবস্থা চালু রাখতে সিএনজি স্টেশনগুলো বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সত ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে। আগে ছিল বিকেল ৫টা থেকে রাত ৯টা। অথচ সিএনজি স্টেশন যখন খোলা থাকে, তখনো গ্যাসের চাপ থাকে না, যার জন্য একটি গাড়িতে গ্যাস দিতে প্রচুর সময় চলে যায়। ফলে গ্যাস পাওয়া যাবে কি না, তা নিয়ে সবাইকে উদ্বেগে থাকতে হচ্ছে।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকে। অথচ এর বাইরে যতক্ষণ স্টেশন খোলা থাকে, গ্যাসের চাপ থাকে না। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের চাপ অস্বাভাবিক হারে কম থাকে। যেখানে চাপ থাকার কথা ১৫ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট), সেখানে থাকে তিন থেকে চার পিএসআই। অন্য সময়ে ৯ বা ১০ থাকে।
সিএনজি স্টেশনে ভোগান্তি: সকাল ১০টার দিকে মগবাজার আনুদ্বীপ সিএনজি স্টেশনের পাশের সড়কে দুই সারি যানবাহন। ঠেকেছে প্রায় ডিএমপি কমিশনার কার্যালয়ের কাছাকাছি। এর আগে সকাল নয়টার দিকে জয়কালী মন্দির রোডেও গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। সেখানে গ্যাসের চাপ কম থাকায় গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছিল না। ফটকের বাইরে গাড়ির জট লেগে যাওয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়ি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
বেলা ২টার দিকে জনপথ এলাকায় এনএস সিএনজি স্টেশন থেকে গাড়ির লাইন পড়ে মুগদায় মোস্তফা কামাল স্টেডিয়াম পর্যন্ত। সেখানে একসঙ্গে ১২টি গাড়িতে গ্যাস ভরা সম্ভব। তারপরও বিভিন্ন গাড়ির চালকদের শঙ্কিত দেখা গেছে তিনটার মধ্যে গ্যাস পাওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে। আবদুর রাজ্জাক নামের একজন চালক বলেন, বেলা একটা থেকে গ্যাসের জন্য লাইন ধরেছেন। স্টেশনের কর্মী আবদুল্লাহ বলেন, রমজান শুরুর পর গ্যাসের চাপ আগের তুলনায় আরও কমেছে।
মিরপুর দারুস সালামের পূর্বাচল ও যমুনা ফিলিং স্টেশন, এসএস ফিলিং স্টেশন, রহমান ফিলিং স্টেশন, মোহনা ও ডেনসো ফিলিং স্টেশন, মিরপুর-২-এর কিংশুক সিএনজি রি-ফুয়েলিং স্টেশন, কাজীপাড়ায় সিডিসিসহ এলাকার অনেক স্টেশনে চাপ কম থাকার অভিযোগ পাওয়া গেছে।
চুলায়ও আঁচ কম: মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা মরিয়ম বেগম বনফুল আদিবাসী স্কুলে বাচ্চাকে নিতে এসে বলছিলেন, গ্যাসের স্বল্প চাপের জন্য ভালো করে ইফতারি তৈরি করতে পারেন না। সেখানে উপস্থিত একজন অভিভাবক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, এলাকায় আগেও গ্যাসের সমস্যা ছিল, রমজান শুরুর পর আরও বেড়েছে।
নগরীর রামপুরা, গেন্ডারিয়া, রাজার দেউড়ি, মিরপুরসহ নগরীর বিভিন্ন স্থানেও গ্যাস সমস্যার খবর পাওয়া গেছে।
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে অবশ্য বলা হয়, কিছু এলাকায় গ্যাসের সমস্যা থাকলেও অন্য বছরের রমজান মাসের তুলনায় এ সমস্যা কম।