সিএনজি স্টেশনে মিটার পদ্ধতি চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের প্রকৃত বিল নির্ণয়ে মিটার পদ্ধতি চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল রোববার তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক করে তাঁরা এ দাবি জানান।নেতারা বলেন, অনেক সিএনজি স্টেশনে গ্যাসের চাপ পাঁচ পিএসআইয়ের (প্রতি বর্গ ইঞ্চিতে গ্যাস চাপের ইউনিট) নিচে নেমে এসেছে। কিন্তু ১৫ পিএসআই চাপের কম হলে গাড়িতে গ্যাস দিতে বেশি সময় লাগে। প্রচলিত নিয়ম অনুযায়ী, তিতাসকে ১৫ পিএসআইয়ের দামই দিতে হয়। তাই বিল নির্ণয়ের জন্য স্টেশনে ইলেকট্রনিক ভলিউম কারেক্টার (ইভিসি) স্থাপন করলে প্রকৃত বিল আসবে।তিতাসের এমডি আবদুল আজিজ খান অ্যাসোসিয়েশনের নেতাদের জানান, মিটার স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, তবে কয়েক দিন সময় লাগবে। এ ছাড়া গ্যাসের সমস্যাকে ‘জাতীয় সমস্যা’ বিবেচনা করে তিতাস গ্যাস সাশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। এর অংশ হিসেবে একেকটি শিল্পাঞ্চলে সপ্তাহে এক দিন করে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সিএনজি স্টেশনগুলো শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন সাত ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাবটিও মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে বলে এমডি নেতাদের জানান।এদিকে গ্যাসের চাপ না থাকলেও সামান্য কারণে তিতাস সিএনজি স্টেশনের লাইন কেটে দেয় বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমডিকে জানানো হয়। তাঁরা বলেন, দুই মাসের বিল বকেয়া থাকায় সম্প্রতি দুটি সিএনজি স্টেশনের লাইন কেটে দেওয়া হয়েছে। লাইন কাটার আগে কিছু সময় দিলে তাঁদের পক্ষে সুবিধা হয় বলে নেতারা জানান।বৈঠকে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউল ইসলাম, সহসভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন ছাড়াও আবদুল্লাহ আল মামুন, তানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।