সিএনজি স্টেশনের ধর্মঘট ২৫ নভেম্বর পর্যন্ত স্থগিত
সিএনজি স্টেশনে ধর্মঘটের কর্মসূচি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হকের সঙ্গে এক বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার সিএনজি স্টেশন মালিকদের জাতীয়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’-এর নেতারা এই ঘোষণা দেন।গতকাল সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। প্রতিদিন তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করাসহ বিভিন্ন দাবিতে ২ অক্টোবর থেকে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।কয়েক দিন আগে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে মালিক সমিতির আলোচনা হয়। সে আলোচনা কার্যত ব্যর্থ হয়। গতকাল প্রতিমন্ত্রী মালিক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। সেখানে সিএনজি স্টেশন মালিকদের দাবিগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন বলে স্থির হয়।