সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকদের দৌরাত্ম্য কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া বৃদ্ধি, বৈঠক আর আশ্বাসের চক্রে পড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা খাত। এ খাতের চালক-মালিকদের স্বার্থে বারবার ভাড়া বৃদ্ধি করা হলেও তাঁদের দৌরাত্ম্য কমছে না। গতকাল সোমবারও রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশাচালকদের হাতে হয়রানির শিকার হতে দেখা গেছে সাধারণ যাত্রীদের। বিকেলে ফার্মগেট মোড়ে একাধিক অটোরিকশাচালককে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকায় চুক্তিতে যাত্রী বহন করতে দেখা গেছে। ফার্মগেটে অটোরিকশা থেকে নামার সময় কথা হয় আমিনুল হক নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি জানান, বিমানবন্দর থেকে অন্তত ১০ জন অটোরিকশাচালককে ফার্মগেটে আসতে রাজি করাতে পারেননি। শেষমেশ একজন রাজি হলেও ১৫০ টাকায় রফা হয়। এ পথে যানজট কম থাকায় খুব বেশি অপেক্ষা (ওয়েটিং) করতে হয়নি। আমিনুল হক যে অটোরিকশায় ওঠেন, সেটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো থ-১৪-২২৩৪। ওই অটোরিকশার চালক অভিযোগ করেন, সরকার গত মে মাসে অটোরিকশার ভাড়া বৃদ্ধি করলেও মিটারে তা হালনাগাদ করেনি। এ জন্যই মিটারে যাত্রী বহন করা যাচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, সরকার অটোরিকশার দৈনিক জমা ৬০০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মালিকেরা তা না মেনে দুই পালায় এক হাজার ২০০ টাকা জমা নিচ্ছেন। গত সপ্তাহে অটোরিকশা খাতের মালিক-শ্রমিকেরা আরও ভাড়া ও জমা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। বৈঠকে সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া ও জমা নেওয়ার অঙ্গীকার করলেও কেউ তা মানছেন না। গত দুই বছরে যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশের সঙ্গে অটোরিকশা খাতের মালিক-শ্রমিকদের অন্তত পাঁচবার বৈঠক হয়। এসব বৈঠকে সরকারের নির্ধারণ করে দেওয়া ভাড়া ও জমা মেনে যাত্রী বহনের অঙ্গীকার করা হয়। তবে তা কখনোই বাস্তবায়িত হয় না।এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ডিসেম্বরে অটোরিকশার মালিক, চালক, বিআরটিএ ও পুলিশের মধ্যে চারপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তিতে বলা হয়, মিটারে যাত্রী বহন না করলে চালকের লাইসেন্স এবং বেশি জমা আদায় করলে মালিকের নিবন্ধন বাতিল করা হবে। কিন্তু আজও সে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু চালককে জরিমানা ও কারাদণ্ড দিয়ে দায়িত্ব শেষ করেছে বিআরটিএ। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন দাবি করেন, গত এক বছরে বাড়তি ভাড়া আদায়ের দায়ে সাড়ে আট হাজার চালককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। দুই হাজার চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু অটোরিকশার মালিকেরা বাড়তি জমা আদায় করলেও সে তুলনায় তাঁদের শাস্তি হয় না। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম প্রথম আলোকে গতকাল রাতে মুঠোফোনে বলেন, বেশি জমা নেওয়ার তথ্যের ভিত্তিতে তাঁরা অটোরিকশার ছয়টি গ্যারেজ সিলগালা করেছেন। কয়েকটি গ্যারেজের ব্যবস্থাপককে কারাদণ্ড দিয়েছেন। বাড়তি ভাড়া ও জমা আদায় বন্ধে অভিযান অব্যাহত আছে। মিটার হালনাগাদ হয়নি: সরকার মে মাসে নতুন ভাড়া নির্ধারণ করে। কিন্তু গত দুই মাসে মিটারে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি। চালকেরা এ অজুহাত দেখিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছেন। ঢাকায় প্রায় সাড়ে ১১ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ২০০৩ সালে চালুর পর চারবার ভাড়া বাড়ানো হয়। কিন্তু কখনোই চালকেরা সরকারের বেঁধে দেওয়া ভাড়া মানেননি। মালিকেরাও তাঁদের বেঁধে দেওয়া দৈনিক জমা মানেননি।