সিএনজিচালিত অটোরিকশার চালকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নির্ধারিত দৈনিক জমার অতিরিক্ত টাকা আদায়কারী মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা চালক ইউনিয়ন মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনটি এ কর্মসূচি পালন করে। তাদের অন্য দাবিগুলো হলো: পার্কিং ও যাত্রীদের জিজ্ঞাসাবাদের নামে ডাম্পিং ও মামলা করা যাবে না, ইউনিয়নভুক্ত অভিজ্ঞ চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তি ও নবায়নের ব্যবস্থা, চালকদের মালিক কর্তৃক নিয়োগপত্র দেওয়া এবং যখন-তখন চাকরিচ্যুতি বন্ধ করা, শ্রম আইন পরিপন্থী সব কার্যক্রম বন্ধ করা, আইন অমান্যকারী মালিকদের রোড পারমিট বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা, যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে সিএনজি অটোরিকশা-সংক্রান্ত বর্তমান ত্রিপক্ষীয় কমিটির মালিক ও শ্রমিক প্রতিনিধি পরিবর্তন করে গতিশীল একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন এবং ঢাকা মহানগরে থ্রি হুইলার লাইসেন্সধারী চালকদের মধ্যে পাঁচ হাজার সিএনজি অটোরিকশা নিঃশর্তে দ্রুত বিতরণ করতে হবে। মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মো. আবদুল মান্নাফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।