সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দুই দফা ভাড়া বাড়ানো হয়েছে। একবার বাড়ানো হয়েছে মালিকের জমা। এর পরও নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় অব্যাহত আছে। সরকারি নীতিমালা অনুযায়ী, মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রীদের চাহিদা অনুযায়ী যেকোনো গন্তব্যে যেতে বাধ্য চালকেরা। কিন্তু এখন মিটারের ভাড়ায় অটোরিকশা পাওয়া প্রায় অসম্ভব। আর গন্তব্যের ক্ষেত্রেও চালকের ইচ্ছাই চূড়ান্ত। গতকাল বুধবার রাজধানীর মালিবাগ, খিলগাঁও, মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকা ঘুরে আগের মতোই চালকদের এই দৌরাত্ম্য দেখা গেছে। গতকাল বিকেলে মৌচাকে অপেক্ষমাণ তাসলিমা আক্তার বলেন, ‘শ্যামলী যাওয়ার জন্য অন্তত ১০ জন চালককে বলেও রাজি করাতে পারিনি। পকেটমার-ছ্যাচড়াদের জ্বালায় বাসে ওঠার জো নেই। আমরা যাব কোথায়।’ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তা বলেন, নিজের পরিচয় দেওয়ার পরও অটোরিকশার চালকেরা পাত্তা দেন না। ফলে পরিবারের সদস্যদের সামনে বিব্রত হতে হয়। ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, ‘পোশাক ছাড়া আমরাও অটোরিকশার চালকের কাছে অসহায়। বউ-বাচ্চারা যখন বলে কিসের পুলিশ হইছ। তখন লজ্জায় পড়ে যাই।’ ঢাকা অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বলেন, ‘আমরাও কোথাও বেড়াতে গেলে চালকদের দৌরাত্ম্যের শিকার হই। পুলিশের উচিত আরও কঠোর হওয়া।’ তিনি স্বীকার করেন, কিছু মালিকও আইন অমান্য করে বেশি জমা নিচ্ছেন। জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের স্বার্থে সম্ভাব্য সবই করছি। চালক-মালিকদের দৌরাত্ম্য বন্ধে চলাচলের অনুমতি ও চালক লাইসেন্স বাতিল করা হবে। পুলিশের সঙ্গে সমন্বয় করে আরও বড় অভিযান চালানো হবে।’ সিএনজির দাম বাড়ানোর পর গত ১৬ মে সরকার সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বাড়ায়। এর আগে, গত বছরের ৪ নভেম্বর সরকার অটোরিকশার ভাড়া বাড়িয়েছিল। তখন মিটার অনুযায়ী গন্তব্যে যাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটারে কারসাজি (টেম্পারিং) না করা, চালকের কাছ থেকে নির্ধারিত হারের বেশি জমা আদায় না করাসহ বেশ কিছু সিদ্ধান্ত মানার বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠন, বিআরটিএ এবং পুলিশের মধ্যে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়। চুক্তি অমান্য করলে মালিকের রুট পারমিট এবং চালকের লাইসেন্স বাতিল করার কথা বলা হয়েছিল। কিন্তু চুক্তিটি কার্যকর হয়নি।মালিক-চালকদের স্বার্থসংরক্ষণ: অটোরিকশা নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক মিলে অসংখ্য বৈঠক হয়েছে। তাতে ভাড়া ও জমা বাড়ানো ছাড়া কার্যত কিছুই হয়নি।২০০৩ সালে সিএনজিচালিত অটোরিকশা চালুর পর এখন পর্যন্ত চারবার ভাড়া ও দুবার মালিকের জমা বাড়িয়েছে সরকার। সর্বশেষ গত ২৮ জুন অটোরিকশার বয়সসীমা (ইকোনমিক লাইফ) নয় বছর থেকে বাড়িয়ে ১১ বছর করা হয়। ওই দিনের বৈঠকে চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান এবং পুলিশের হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের সিদ্ধান্ত হয়। কিন্তু যাত্রী হয়রানি বন্ধে কিছুই বলা হয়নি।দুটি ভ্রাম্যমাণ আদালত: রাজধানীতে চলাচলকারী ১৩ হাজার অটোরিকশাসহ প্রায় সাড়ে পাঁচ লাখ যানবাহনের জন্য ভ্রাম্যমাণ আদালত মাত্র দুটি। এই দুটি আদালতকে বাসে বাড়তি ভাড়া আদায় রোধ, অটোরিকশার দৌরাত্ম্য, ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল বন্ধ, ভুয়া লাইসেন্সধারী চালকদের জরিমানাসহ নানা বিষয়ে আইন প্রয়োগ করতে হয়। ফলে কোনোটাই ভালোভাবে হয় না। মাঝেমধ্যে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দিনের জন্য বাড়তি আদালত পরিচালনা করা হলেও তা ধারাবাহিক নয়।