সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হয়রানি বন্ধের দাবি
সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের হয়রানি বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল মঙ্গলবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়। এ ছাড়া অটোরিকশা মালিকদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে। আজ বুধবার থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা।নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতীকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ইনামূল হক, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, উন্নয়নকর্মী আমিনুর রসুল, সাব্বাহ আলী খান, ইফমা হোসেন, মারুফ হাসান, বদরুল মান্নান প্রমুখ।বক্তারা বলেন, তীব্র যানজটে এমনিতেই রাজধানীবাসী নাকাল, এর মধ্যে গণপরিবহন ব্যবস্থায় বিরাজমান পরিস্থিতি জনদুর্ভোগকে দুর্বিষহ করে তুলেছে। বক্তারা আরও বলেন, প্রয়োজনের তুলনায় এমনিতেই বাসের সংখ্যা কম। এসব বাসে আবার অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবচালক মালিকেরা আরও বেশি বেপরোয়া। তাঁরা বিভিন্ন গন্তব্যে যাওয়া নিয়ে টালবাহানা করেন। কোনো গন্তব্যে যেতে রাজি হলেও, সরকার-নির্ধারিত ভাড়ায় যান না। চালকেরা তাঁদের ইচ্ছামতো ভাড়া আদায় করেন। তাঁরা কোনো আইনের তোয়াক্কা করেন না। এই চালকদের কাছে সাধারণ মানুষ জিম্মি। অনেক চালকের সঙ্গে আবার বিভিন্ন অপরাধী চক্রের যোগসাজশ রয়েছে। এই চালকেরা কৌশলে যাত্রীদের কাছে থাকা টাকা, মুঠোফোনসহ সব জিনিসপত্র ছিনিয়ে নেন। বক্তারা আরও বলেন, ভাড়া বাড়ানোসহ অযৌক্তিক কিছু দাবিতে অটোরিকশা মালিকেরা রাজধানীতে আজ থেকে দুই দিনের ধর্মঘট ডেকেছেন। এই কর্মসূচির মাধ্যমে তাঁরা সরকারের ওপর চাপ সৃষ্টি করে মানুষের পকেট কাটার চলমান প্রক্রিয়াকে আরও অসহনীয় করতে চান। সমাবেশ থেকে এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সড়কের পাশে ফুটপাতে অবৈধ গাড়ি পার্কিং, স্থাপনা ও দোকান থাকার কারণেও জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রমজান মাসে রাজধানীর যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সমাবেশ থেকে ফুটপাতকে এখনই দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়।