সিএনজির দাম বাড়ালে ব্যবসা বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহনের পরিবেশবান্ধব জ্বালানি সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হলে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে সিএনজি স্টেশন ও সিএনজিচালিত বিভিন্ন পরিবহন মালিকদের ছয়টি সংগঠন। গত শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল হোসেন চৌধুরী। এ সময় অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. বরকতউল্লাসহ ছয়টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে দেশে ৫৮৫টি সিএনজি স্টেশন, ১৭০টি কনভারশন ওয়ার্কশপ রয়েছে। প্রায় দুই লাখ ২০ হাজার গাড়ি সিএনজিতে চলে। যানবহন ও গণপরিবহনে সিএনজি ব্যবহারের ফলে বছরে সরকারের বিপুল বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তরা সরাসরি সিএনজির সুফল ভোগ করে। সরকার বারবার সিএনজির দাম বাড়ানোয় বাস, বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও পণ্যবাহী যানবাহনের ভাড়া বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা বলেন, সরকার যখনই দাম বাড়াবে তখনই ব্যবসা বন্ধ করা হবে।