সিএমএম আদালতে সার্ভার বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় গতকাল বিপাকে পড়েন বিচারপ্রার্থীরা ও আইনজীবীরা। বর্তমানে আসামিদের জামিন-সংক্রান্ত সব তথ্য অনলাইনের মাধ্যমে আদান-প্রদান হয়। সার্ভার নষ্ট হওয়ার কারণে সে ব্যবস্থা ভেঙে পড়ে।
অনেক আইনজীবী অভিযোগ করেন, অনলাইনভিত্তিক জামিন আদেশ দেখার কার্যক্রম শুরুর দিন থেকেই বিভ্রাট দেখা দেয়। এ কারণে গতকাল পুরোনো পদ্ধতিতে ফোনের মাধ্যমে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে দীর্ঘ সময় লেগে যায়।
সূত্র জানায়, একটি প্রকল্পের আওতায় ঢাকার আদালতগুলোতে কেবল সংযোগের মাধ্যমে অনলাইন কার্যক্রম শুরু হয়। ওই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় পর সুপ্রিম কোর্ট বিচারকদের ইন্টারনেট সংযোগ নেওয়ার অনুমতি দেন। এ জন্য খরচের সীমা প্রতি মাসে এক হাজার টাকা বেঁধে দিয়ে আইন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, সার্ভার বিপর্যয়ের কারণে সমস্যা হয়েছে। সেটা সাময়িক। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সম্প্রতি বিচারকদের ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিয়ে চিঠি দিয়েছেন। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাসুদ খান প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতগুলোতে ইউএনডিপির অর্থায়নে ‘জাস্ট প্রকল্প’-এর মাধ্যমে আদালতে ল্যান সংযোগ (লোকাল এরিয়া নেটওর্য়াক) দেওয়া হয়। সম্প্রতি ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও বিকল্প উপায়ে কাজ চালিয়ে যাচ্ছেন। দুই দিন ধরে সার্ভার বির্পযয় হওয়ায় জামিনের আদেশ নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের কাগজে ছাপানো কার্যতালিকা (কজলিস্ট) উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। পরে ১৫ দিন বাড়ানো হয়।