সিগারেটের কার্টনে বিদেশি মদ ও বিয়ার দুজন গ্রেপ্তার
প্রাইভেটকারের ভেতর সিগারেটের কয়েকটি কার্টনে নেওয়া হচ্ছিল ৭৬৮ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদ। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গত শুক্রবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। এ সময় গ্রেপ্তার করা হয় আবুল কাশেম ও জহিরুল ইসলাম নামের দুজনকে।র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এভাবে নানা ধরনের মাদক রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল চক্রটি। র্যাব-১ সূত্র জানায়, প্রাইভেটকারে করে মাদকের একটি বড় চালান গুলশান থেকে উত্তরা নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১-এর একটি দল ৭ নম্বর সেক্টরের পার্কের পাশে রাস্তায় তল্লাশি চৌকি বসিয়ে অবস্থান নেয়। রাত আটটার দিকে একটি প্রাইভেটকার তল্লাশি চৌকির সামনে এলে র্যাবের সদস্যরা সেটি থামান। পরে গাড়ি থেকে ৭৬৮ ক্যান বিয়ার ও ২৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। পরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে আবুল কাশেম (৫০) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।