সিটি করপোরেশন পাড়া-মহল্লায় নিয়মিত মশার ওষুধ ছিটায় না। এতে মশার উপদ্রব বেড়েছে। রাতে ঘরে কয়েল জ্বালিয়ে ও মশারি টাঙিয়েও মশার কবল থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার পুরান ঢাকার বকশীবাজারের হাজী গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টারে আয়োজিত চিকুনগুনিয়াবিষয়ক কর্মপরিকল্পনা সভায় হাজারীবাগের বাসিন্দা মনির হোসেন এই অভিযোগ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সভায় পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরামর্শক মজিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, ফুলের টব, নারকেলের খোসা, পানির বোতল, ফ্রিজের নিচের অংশে মশা জন্মায়। তাই যেখানেই পানি জমে থাকে, তা পরিষ্কার করতে হবে। এ ছাড়া বাড়ির আশপাশের যেসব জায়গায় মশার প্রজনন হতে পারে, সেগুলোও পরিষ্কার রাখতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহউদ্দিন চিকুনগুনিয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে সভায় উন্মুক্ত আলোচনায় লালবাগের বাসিন্দা মকিম আবদুল্লাহ বলেন, মাসখানেক আগে তিনি চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁর পরিবারের আরও দুজন এই জ্বরে আক্রান্ত। তিনি বলেন, চিকুনগুনিয়ার ব্যাপারে নাগরিকদের সচেতন করতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম আনছারুজ্জামান বলেন, চিকুনগুনিয়া নিয়ে ভয়ের কিছু নেই। সঠিক চিকিৎসায় এই জ্বর সহজেই সেরে যায়। সবাই সচেতন হলে এক সপ্তাহের মধ্যে ৭০ ভাগ জ্বর কমিয়ে আনা সম্ভব।
ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, সারা বছরই ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো হয়। এবার চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ায় ডিএসসিসি আরও সচেতন হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মীর মুস্তাফিজুর রহমান, অঞ্চল-৩-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা মনির, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উপকর্মসূচি ব্যবস্থাপক হাফিজুল ইসলাম।