সিটি করপোরেশনের জরুরি সেবা চালু থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলাকালীন পরিচ্ছন্নতা কার্যক্রম, মশকনিধনসহ পাঁচটি জরুরি সেবা চালু রাখবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার বিকেলে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সই করা এক দপ্তর আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম, মশকনিধন, স্বাস্থ্যসেবা, সড়কবাতি, রাস্তা, নর্দমা, খাল ও ফুটপাতের জরুরি সংস্কার ও পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের লকডাউনের আওতামুক্ত থেকে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এ ছাড়া অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য মুঠোফোন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাধীন শপিং মল, মার্কেটসহ সব দোকানপাট, কমিউনিটি সেন্টার, সামাজিক বিনোদনকেন্দ্র ও পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়–বিক্রয় করা যাবে এবং খাবারের দোকান, হোটেল–রেস্তোরাঁয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অনলাইনে খাবার বিক্রয় করা যাবে।

এদিকে বিধিনিষেধ চলাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনও মশকনিধন, পরিচ্ছন্নতা কার্যক্রমসহ জরুরি সেবাগুলো চালু রাখার কথা জানিয়েছে।