সিটি করপোরেশনের ফলাফল সরকারের জন্য সতর্কবার্তা
চার সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থীদের বিজয় সরকারের জন্য বড় ও আগাম সতর্কবার্তা। এখনই সতর্ক না হলে আওয়ামী লীগ-সমর্থিত মহাজোটকে আগামী জাতীয় নির্বাচনে মাশুল গুনতে হবে। এই অভিমত কয়েকজন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের। গতকাল রোববার বাংলা একাডেমী মিলনায়তনে আয়োজিত বিবিসি বাংলাদেশ সংলাপে রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা এ অভিমত দেন।চার সিটি করপোরেশন নির্বাচনেই আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীদের পরাজয় কি মহাজোট সরকারের প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন? সংলাপে এই প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এটা অনাস্থা নয়, সরকারের জন্য সতর্কবাণী। আমরা একটা ভালো নির্বাচন করতে পেরেছি। এ নির্বাচন প্রমাণ করে দিয়েছে, সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে অতি মাত্রায় রাজনীতি ও দলীয়করণের খেসারত দিতে হলো মহাজোটকে। এর মাধ্যমে জনগণের আস্থার সংকট প্রকাশ পেয়েছে। তিনি বলেন, এ নির্বাচনে জাতীয় বিষয় প্রাধান্য পাওয়ায় অনেক যোগ্য প্রার্থী হেরে গেছেন। একই প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, সরকারের মনে রাখা উচিত, ফুটবল খেলার মাঠে একবার সতর্কবাণী দেওয়ার পর না শোধরালে ওই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তাঁদেরও জনগণ বের করে দেবে, যদি তাঁরা তাঁদের ভুল না শোধরান।খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকার বলেন, এই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পেরেছে।সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে কি দুর্বল করে দেবে? এই প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, সরকারের ব্যর্থতার জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরও স্পষ্ট হলো। রাশেদ খান মেনন বলেন, সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন সফল হয়েছে। নির্বাচিত সরকারি কাঠামোয় যে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে। রোখসানা খন্দকার বলেন, দুটো নির্বাচন সম্পূর্ণ আলাদা। তাই এ নির্বাচনের ফলে সরকারের দুর্বলতা প্রকাশ পায় না।জাতীয় সংসদে পাস করা সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন কি নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পারে? এই প্রশ্নের জবাবে রোখসানা খন্দকার বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী আইনটি অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করে। এম সাখাওয়াত হোসেনও সহমত প্রকাশ করে বলেন, পুলিশকে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে, তা অবশ্যই ক্ষমতাসীন দলগুলোই কাজে লাগাবে। হান্নান শাহ এই আইনকে ‘কালাকানুন’ উল্লেখ করে বলেন, অতীতে এ ধরনের কোনো আইন তৈরি হয়নি।এ বক্তব্যের বিপরীতে বিএনপি নেতাকে ‘জননিরাপত্তা আইন’-এর কথা মনে করিয়ে দেন মেনন। বিবিসি সংবাদদাতা আকবর হোসেন সংলাপ উপস্থাপনা করেন।