সিডও সনদের দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ১৭টি মুসলিম দেশ সিডও সনদের পূর্ণ অনুমোদন করেছে। তাই বাংলাদেশকেও নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা জাতিসংঘের সিডও সনদের সংরক্ষিত দুটি ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে।গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ে আরডিইসি মিলনায়তনে সিডও কমিটির সমাপনী অভিমত বাস্তবায়ন বিষয়ক জাতীয় মতবিনিময় সভায় আলোচকেরা এ দাবি জানান। সনদের ধারা ২ এবং ধারা-১৬.১ (গ)-এ অনুমোদন দেয়নি বাংলাদেশ। এই ধারায় বলা আছে, নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে শরিক দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং আইনের সংস্কার করবে। সভায় সভাপতিত্ব করেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন।৪২টি বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় মোর্চা ‘সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ’ এই সভার আয়োজন করে। সভার প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সিডও কমিটির সমাপনী অভিমত বাস্তবায়নের জন্য সরকার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নিয়েছে। আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সংবিধানে জনজীবনে সমান অধিকারের কথা বলা হলেও ব্যক্তিজীবনের বিষয়ে কিছু বলা হয়নি। এখানে একটি স্ববিরোধিতা রয়েছে এবং এ বিষয়ে আইন সংশোধন করা দরকার। সভায় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা নাসিরা খান, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক স্বপন কুমার সরকার, সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ পুলিশ সুপার শাহানা পারভিন, উইমেন ফর উইমেনের রওশন জাহান, নারী পক্ষের চেয়ারম্যান উম্মে হাবিবুন্নেসা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।