সিডওর সংরক্ষিত ধারা প্রত্যাহারে সরকার আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি বৈষম্য নিরসনে সরকার অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে। তার পরও সরকার জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ বা সিডও সনদের দুটি গুরুত্বপূর্ণ ধারা থেকে কেন সংরক্ষণ তুলে নেয়নি, তা জানতে চেয়েছে সিডও কমিটি। কমিটি সিডও সনদের সংরক্ষণ প্রত্যাহারের তাগিদ দিয়ে এ সনদের পূর্ণ অনুমোদনেরও অনুরোধ জানিয়েছে।গত সোমবার সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।২৫ জানুয়ারি জেনেভায় সিডও কমিটির ৪৮তম অধিবেশনে যোগদান শেষ দেশে ফেরার পর সেখানকার অভিজ্ঞতা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানিয়েছে কমিটি। সংরক্ষণ প্রত্যাহারে বাংলাদেশ আন্তরিক এবং বিষয়টি কমিটিকে বোঝানোও সম্ভব হয়েছে ।বাংলাদেশ সিডও সনদে স্বাক্ষর করে ২৬ বছর আগে। সে সময় সনদের কয়েকটি ধারা সংরক্ষণ (নারাজি) করা হয়েছিল। পরে অন্যান্য ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করলেও বিভিন্ন সরকার সনদের ২ ও ১৬.১ (গ) মূল দুটি ধারা সংরক্ষণ বলবৎ রেখেছে।সিডও সনদের ২ নম্বর ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে স্বাক্ষরকারী দেশগুলো আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। ১৬.১(গ) ধারায় বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে।