সিদ্দিকবাজার এলাকায় নর্দমার ময়লায় ভোগান্তি
পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় ওয়াসার কর্মীরা নর্দমা পরিষ্কারের পর ময়লা-আবর্জনাগুলো কয়েক সপ্তাহ ধরে রাস্তার ওপরই ফেলে রেখেছেন। এতে সেগুলো কখনো বৃষ্টির পানিতে ভিজে রাস্তা সয়লাব করছে, আবার রোদে শুকিয়ে ধুলাবালি সৃষ্টি করছে।সিদ্দিকবাজারের লাল মিয়া ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের মুসল্লিরা জানান, তিন সপ্তাহের বেশি সময় আগে ওই আবর্জনা নর্দমা থেকে ওঠানোর পর রাস্তায় জমা করে রাখা হয়। এই সুযোগে আশপাশের অসচেতন বাসিন্দা ও ব্যবসায়ীরাও সেখানে ময়লা-আবর্জনা ফেলে পুরো পরিবেশ দূষিত করছেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে হাঁটার উপায় থাকে না।পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের সদস্য-সচিব ও সিদ্দিকবাজারের বাসিন্দা জাভেদ জাহান প্রথম আলোকে জানান, ঢাকা ওয়াসার কর্মীরা নর্দমা পরিষ্কারের পর ময়লাগুলো রাস্তায় স্তূপাকারে রেখে দেন। এতে লোকজন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ওয়াসা ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন জাভেদ জাহান।স্থানীয় ব্যবসায়ীরা জানান, সিদ্দিকবাজারের এ সড়কটির আশপাশে ১৫-২০টি মার্কেট রয়েছে। ময়লার কারণে মালামাল আনা-নেওয়া করতে সেখানকার ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ধুলার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকাও কঠিন হয়ে পড়েছে।এদিকে নর্দমার ময়লা নিয়ে ঢাকা ওয়াসা ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে জানান, আবর্জনা রাস্তার ওপর রেখে দেওয়ার খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছিল। কিন্তু ময়লাগুলো ওয়াসার ড্রেনেজ বিভাগের হওয়ায় ডিসিসির কর্মীরা ফিরে আসেন। তবে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুুল ইসলাম প্রথম আলোকে জানান, সিদ্দিকবাজার এলাকায় তাঁদের কোনো নর্দমা নেই। সেখানে পাইপলাইন রয়েছে। সেখানকার ময়লা পরিষ্কারের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের।