সিদ্দিকবাজারে হেলে পড়েছে চারতলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সিদ্দিকবাজারে ফাটল সৃষ্টি হয়ে চারতলা একটি ভবন হেলে পড়েছে। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে ভবনটি হেলে পড়লে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে ভবনটি সিলগালা করে দেয় রাজউক।

বাড়িটির হোল্ডিং নম্বর ৯৯, ১০০, ১০১। বাড়িটির মালিকের নাম ওয়ালিদ।

আজ সকালে ঘটনাস্থলে থাকা রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত ভবনটি সিলগালা করে দিয়েছি। বাড়ির নকশারও অনুমোদন নেই। ভবনটি এক থেকে দেড় ফুট হেলে পড়েছে।’

বাড়ির বাসিন্দা মো. জিয়াউদ্দিন জানান, বাড়িটিতে চারটি পরিবার থাকত। রাত আড়াইটার দিকে ভবনটি হেলে পড়লে আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা চিত্কার শুরু করেন। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাঁরা এসে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেন।
ভবনটি পাশের একতলা ভবনের ওপর হেলে পড়লে সেখানে থাকা চারটি পরিবারকেও সরিয়ে নেওয়া হয়।

রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আরও জানান, এই ভবনের পাশে থাকা সাততলা ভবনটিও ঝুঁকিপূর্ণ। সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।

আজ সকালে ফায়ার সার্ভিস ও রাজউকের কর্মকর্তারা এবং বংশাল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।