সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় রাজনৈতিক দলগুলোকে নারীদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে। অধিকসংখ্যক নারীকে শুধু সংসদে নিয়ে এলেই চলবে না, সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। গতকাল রোববার ‘গণতান্ত্রিক সুশাসনে নারীর সমান অংশগ্রহণ: নীতি ও চর্চায় প্রতিফলন’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সংলাপে আলোচকেরা এসব কথা বলেন। সাউথ এশিয়া পার্টনারশিপ ও জাতিসংঘ গণতন্ত্র তহবিলের (ইউএনডিএফ) যৌথ উদ্যোগে এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুকল্যাণ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ বলেন, নেপাল তাদের সংসদে ৩৩ ভাগ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে কোটা প্রবর্তনের মাধ্যমে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও একই পথ অনুসরণ করতে হবে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফারাহ কবির সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। প্রধান আলোচক হিসেবে খুশী কবির বলেন, নারীদের কেবল সংসদে নিয়ে এলেই চলবে না, প্রতিটি খাতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।শিক্ষার অভাব এখনও নারীর ক্ষমতায়নের পথে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আলোচকেরা। সংলাপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্যাপ বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নুরুল আলম। বক্তব্য দেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।