সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি এখনো খালি হয়নি
মাঠটি আর মাঠ নেই। একের পর এক ট্রাক আসছে-যাচ্ছে। টিলার মতো বালু, পাথরের উঁচু উঁচু স্তূপ। পাঁচ বছর ধরে এই অবস্থা। সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মগবাজার-মৌচাক সমন্বিত উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে।
২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি এ উড়ালসড়কের নির্মাণকাজের উদ্বোধন হয়। নির্মাণসামগ্রী রাখার জন্য ব্যবহার করা হয় সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ। তখন দুই বছরের জন্য চুক্তি হয়। মাঠটি ব্যবহার বাবদ স্কুল কর্তৃপক্ষকে এককালীন টাকা দেয় নির্মাতা প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও মাঠটি বুঝে পায়নি স্কুল। নির্মাণকাজ এখনো চলছে। গতকাল দেখা যায়, মাঠের সামনে দুটি ট্রাক দাঁড়ানো। পথটি ঢালু হয়ে গেছে। মাঠে রডের স্তূপ। চারদিকে শ্রমিকদের থাকার জন্য বানানো হয়েছে টিনের ঘর। মাঠজুড়ে পাথর, বালু রাখা। ভেতরে আরও অনেক ট্রাক, পিকআপ, লরি, ক্রেনসহ বেশ কিছু যান আছে। শ্রমিকদের কর্মযজ্ঞ চলছে। মাঠটির বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে।
সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি স্কুল প্রাঙ্গণের বাইরে স্কুলটির উত্তর পাশে অবস্থিত। অষ্টম শ্রেণিপড়ুয়া আদনান সামি বলে, ‘স্কুলের ভেতরের ছোট মাঠটাতেই আমরা খেলি। আগের মতো বড় করে স্পোর্টস ডে হয় না। ছোট মাঠেই যা হয়।’ আশপাশের কয়েকজন দোকানিও বলেন, এ কাজের জন্য মাঠ ব্যবহার হচ্ছে না। সড়কের অবস্থাও খারাপ। প্রচুর ধুলা ওড়ে।
স্কুলের অধ্যক্ষ শেখ ফরিদুজ্জামান বলেন, ‘দুই বছরের জন্য নিয়েছিল, কিন্তু পাঁচ বছর হয়ে গেল, কাজ শেষ হলো না। সরকারি কাজ, চাইলেই তো উঠায়ে দেওয়া যায় না।’ তিনি আরও বলেন, তমা কনস্ট্রাকশন মাঠ বাবদ প্রতি মাসে স্কুলকে টাকা দিচ্ছে। তারা বলেছে, এ বছরেই মাঠ বুঝিয়ে দেবে।
তমা কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান বলেন, ৩০ এপ্রিলের মধ্যে চুক্তি অনুযায়ী মাঠ খালি করে দেওয়া হবে।