সিদ্ধেশ্বরীর সেই পচা পানি অপসারণ

সিদ্ধেশ্বরীর আনারকলি প্লাস সুপার মার্কেট ও গোল্ডেন প্লাজার সামনের সেই দুটি গলির পচা পানি গতকাল শনিবার অপসারণ করেছে ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷ এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন পথচারীরা৷ আশপাশের মার্কেটে বেচাকেনা বাড়ায় খুশি ব্যবসায়ীরা৷
গতকাল ‘সিদ্ধেশ্বরীতে জমেছে পচা পানি মার্কেটে ক্রেতা কম’ শিরোনামে প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন ছাপানো হয়েছিল৷ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, প্রথম আলোতে এই প্রতিবেদন প্রকাশের পর গতকাল সকাল নয়টায় সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের ওই দুটি গলি থেকে পচা পানি অপসারণে কাজ শুরু করেন ওয়াসা ও ডিএসসিসির কর্মীরা৷ এ সময় মৌচাক মোড়সহ আশপাশের কয়েকটি পয়োনিষ্কাশন সংযোগ পরিষ্কার করা হয়৷ এতে দুপুর ১২টার আগেই গলি থেকে পানি সরে যায়৷ এই কাজ পরিচালনা করেন ওয়াসার পরিচালনা পর্ষদের সদস্য ও ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান৷ তিনি প্রথম আলোকে বলেন, ‘ডিএসসিসি এলাকার জনদুর্ভোগ কমাতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশনা রয়েছে৷ তাই ওয়াসা ও ডিএসসিসির কর্মীদের দিয়ে এই জলাবদ্ধতা নিরসন করা হয়৷ ডিএসসিসির অন্য কোনো এলাকায় জলাবদ্ধতাসহ যেকোনো নাগরিক দুর্ভোগ ডিএসসিসি এবং ওয়াসাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে৷’
গতকাল বেলা তিনটার দিকে ওই দুটি গলিতে কোনো পচা পানি দেখা যায়নি৷ স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন পথচারীরা৷ আশপাশের মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে৷ আনারকলি প্লাস সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মুজাম্মেল বলেন, পয়োনিষ্কাশন নালা থেকে এই পানি গলিতে উঠে এসেছিল। এভাবে এক সপ্তাহের বেশি সময় ধরে পচা পানি আটকে ছিল৷ এতে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে অনেকেই এই মার্কেটে আসতে চাইতেন না। ফলে তাঁদের বেচা-বিক্রিও অনেক কমে গিয়েছিল। তবে গতকাল দুপুরের পর লোকসমাগম বাড়ায় বিক্রি বেড়েছে৷