সিধু-কানহু-ফুলমণি পদক পাচ্ছেন কুমুদিনী হাজং
আগামী ২৮ জুন সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষে সিধু-কানহু-ফুলমণি পদক দেওয়া হবে টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজংকে। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মেসবাহ কামাল মূল উপস্থাপনায় বলেন, ১৮৫৫ সালের ২৮ জুন সাঁওতালরা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সাঁওতাল আদিবাসী ও দরিদ্র বাঙালিদের সম্মিলিত আন্দোলনে ওই দিন অংশ নেন অর্ধলক্ষাধিক মানুষ। ব্রিটিশবিরোধী সর্বভারতীয় পর্যায়ে প্রভাব সৃষ্টিকারী প্রথম ওই আন্দোলনের সমাপ্তি ঘটে আদিবাসী নেতা সিধু ও কানহু হত্যার মধ্য দিয়ে। বিচারপতি গোলাম রব্বানী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে আদিবাসী ও বাঙালিদের মিলিত যে সংগ্রাম তার পুনরাবৃত্তি ঘটে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে। কিন্তু আদিবাসীদের এই অবদানের স্বীকৃতি দেওয়া না।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫৫ তম সাঁওতাল বিদ্রোহ দিবসে সিধু-কানহু-ফুলমণি পদক দিয়ে টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনি হাজংকে সম্মাননা জানানো হবে। এ উপলক্ষে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলামিস্ট আবুল মকসুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজ্ঞপ্তি