সারা দেশে হত্যা, সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিপিবি-বাসদ ঐক্য ও গণতান্ত্রিক বাম মোর্চা আগামীকাল বুধবার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করবে। এদিন বিকেল চারটায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।গতকাল সোমবার দুপুরে সিপিবি ও বাসদের এক যৌথ সভায় এবং গণতান্ত্রিক বাম মোর্চা পৃথক জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেয়। সিপিবির কার্যালয়ে খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথ সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, স্বাধীনতার চার দশক পর মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা হয়েছে এবং তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে। তাই একাত্তরের যুদ্ধাপরাধী গোষ্ঠী দেশি-বিদেশি শক্তির মদদে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।সভা থেকে জামায়াত-শিবিরের এই সহিংসতার বিরুদ্ধে সব গণতান্ত্রিক, প্রগতিশীল দেশপ্রেমিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, ব্যক্তি, শক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।