সিপিবি-বাসদের সাম্প্রদায়িকতা প্রতিরোধ পক্ষ শুরু
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ, যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধ পক্ষ’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দল দুটি গত শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও পদযাত্রার আয়োজন করেছে। এর মধ্যে শুক্রবার বিকেলে সূত্রাপুরের লোহারপুলে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে সমাবেশে সিপিবির ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে পদযাত্রা সূত্রাপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।একই দিনে মিরপুরের শেওড়াপাড়া থেকে পূরবী হল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে পূরবী হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।পরদিন শনিবার ধানমন্ডির ঝিগাতলা থেকে হাজারীবাগ-লালবাগের সেকশন হয়ে আজিমপুর এবং মোহাম্মদপুর টাউনহল থেকে কৃষি মার্কেট পর্যন্ত দুটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।